বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের সুযোগ আরও সহজলভ্য করতে নতুন নতুন পদ্ধতি চালুর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
সোমবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের মিলন হলে অনুষ্ঠিত এক সভায় এ গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞরা কিডনি প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, গবেষণার ফলাফল, ডোনার ও রিসিপিয়েন্ট ব্যবস্থাপনা, সার্জিক্যাল অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তাদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন এবং নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কবির হোসেন গবেষণাপত্র ও আলোচনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. আফজালুন্নেসা।
অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম কিডনি প্রতিস্থাপনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপের চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো সম্পন্ন হওয়া ইমোশনাল ডোনার ট্রান্সপ্লান্টের বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, দেশে কিডনি প্রতিস্থাপনের সুযোগ আরও সহজলভ্য করতে ডোনার ও রিসিপিয়েন্ট ব্যবস্থাপনার পাশাপাশি নতুন নতুন পদ্ধতি চালু করা প্রয়োজন। ইমোশনাল ডোনার ট্রান্সপ্লান্টের পাশাপাশি পেয়ার্ড ডোনার ট্রান্সপ্লান্ট চালু করা গেলে কিডনি প্রতিস্থাপনের সুযোগ আরও সম্প্রসারণ করা সম্ভব।
উপস্থাপনায় অধ্যাপক রফিক সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কিডনি প্রতিস্থাপনের হার এবং তুলনামূলক চিত্র তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশে কিডনি প্রতিস্থাপন সহজতর করতে প্রয়োজনীয় অবকাঠামো, নীতিগত উদ্যোগ ও ডোনার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
সফল কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে সহযোগিতার জন্য তিনি বিশিষ্ট ইউরোলজিস্ট প্রয়াত অধ্যাপক সাজিদ হাসান, মুলজীবাই প্যাটেল ইউরোলজিক্যাল হাসপাতালের ইউরোলজিস্ট ডা. মহেশ দেসাই এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেমিনারে বিএমইউর প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভিসি (গবেষণা) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএইচ হামিদ আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ইব্রাহিম সিদ্দিক, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএমইউ ও ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক এবং পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীরা সেমিনারে অংশ নেন।
সেমিনারে বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের বর্তমান অবস্থা, ডোনার ও রিসিপিয়েন্ট ব্যবস্থাপনার উন্নয়ন, আধুনিক সার্জিক্যাল পদ্ধতি, গবেষণার বিস্তার এবং ভবিষ্যতে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সময়ের আলো/প্রিন্ট/টিকে