বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত ছন্দে আছেন রাফিনিয়া। সেভিয়ার বিপক্ষে তার হ্যাটট্রিকেই পিছিয়ে পড়েও ৩–১ গোলের জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। তবে ম্যাচটিতে শুধু জয়ে অবদানই রাখেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, গড়েছেন বার্সেলোনার ইতিহাসে বিরল এক কীর্তিও।
একই ম্যাচে মাথা, ডান পা ও বাঁ পা দিয়ে গোল করাকে বলা হয় ‘পারফেক্ট হ্যাটট্রিক’। সেভিয়ার বিপক্ষে তিনভাবেই গোল করে সেই কীর্তি গড়েছেন রাফিনিয়া। বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে লিওনেল মেসি ৩৬টি হ্যাটট্রিক করলেও একবারও পারফেক্ট হ্যাটট্রিক করতে পারেননি।
চলতি মৌসুমে মাত্র সাত ম্যাচেই এটি রাফিনিয়ার দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে রেসিং সান্তান্দারের বিপক্ষে বার্সেলোনার ৭–২ গোলের জয়ে তিনবার জালের দেখা পেয়েছিলেন তিনি। সেভিয়ার বিপক্ষে তিন গোলের পর চলতি মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২-তে। এর ফলে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠেছেন এই ব্রাজিলিয়ান।
বার্সেলোনার ইতিহাসে পারফেক্ট হ্যাটট্রিক অবশ্য খুব বেশি খেলোয়াড়ের নেই। রাফিনিয়ার আগে ক্লাবটির হয়ে এই কীর্তি গড়েছেন হুলিও সালিনাস, ইভান দে লা পেনিয়া, প্যাট্রিক ক্লুইভার্ট ও লুইস সুয়ারেজ। তাঁদের মধ্যে ক্লুইভার্ট দুবার এই কীর্তি গড়েছেন।
২০১৫ সালে সর্বশেষ বার্সেলোনার হয়ে পারফেক্ট হ্যাটট্রিক করেছিলেন সুয়ারেজ। প্রায় এক দশক পর আবার সেই তালিকায় যোগ হলো রাফিনিয়ার নাম। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড বার্সেলোনার ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একই ম্যাচে মাথা ও দুই পা দিয়ে গোল করার কীর্তি গড়েছেন।
পারফেক্ট হ্যাটট্রিকের রেকর্ডে মেসিকে ছাড়িয়ে গেলেও লা লিগায় মোট হ্যাটট্রিকের হিসাবে আর্জেন্টাইন তারকার ধারে-কাছেও কেউ নেই। প্রতিযোগিতাটির ইতিহাসে ৩৬টি হ্যাটট্রিক নিয়ে সবার ওপরে মেসি। দ্বিতীয় স্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় করেছেন ৩৪টি হ্যাটট্রিক।
সময়ের আলো/টিকে