কোভিড-১৯ টিকার ভুয়া সনদ নেওয়ার কথা স্বীকার করেছেন সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা। এ ঘটনার পর আসন্ন নেশনস লিগের জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সান্ডারল্যান্ডের এই মিডফিল্ডার। বিষয়টি নিয়ে সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পরই তিনি এই সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাকা ২০২২ সালের ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, সে সময় কোভিড টিকা নিয়ে অনিশ্চয়তা, ভয় ও অবিশ্বাসের মধ্যে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে তিনি টিকার সনদ সংগ্রহ করেছিলেন। নিজের সিদ্ধান্তকে ভুল হিসেবে স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
জাকার জাতীয় দলের ক্যাম্পে না থাকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পিটার ন্যাবেল। তিনি জানান, দলের স্বার্থে আন্তর্জাতিক বিরতিতে জাকার অনুপস্থিতিতে ক্যাম্প চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। আপাতত জাতীয় দলের প্রস্তুতিতেই মনোযোগ দিতে চায় সুইজারল্যান্ড।
২০২২ সালে আর্সেনালে খেলার সময়ের ওই ঘটনা নিয়ে বর্তমানে তদন্ত করছে লুসার্নের প্রসিকিউটর কার্যালয়। ভুয়া কোভিড সনদ সংগ্রহের ঘটনায় কোনো ফৌজদারি অপরাধ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রয়োজনে জাকাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে এখনো কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি তিনি।
সুইজারল্যান্ডের হয়ে ১৫২ ম্যাচ খেলা জাকা এবার তুরস্কের বেলেকে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। ফলে নেশনস লিগে উত্তর মেসিডোনিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং স্লোভেনিয়া ও উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে না।
আন্তর্জাতিক বিরতি শেষে জাকার পরিস্থিতি নতুন করে পর্যালোচনা করবে সুইস ফুটবল অ্যাসোসিয়েশন। এরপর জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সময়ের আল/টিকে