প্রীতি ম্যাচ খেলতে আগামী মাসে কলকাতায় আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে ভিনিসিয়ুস জুনিয়রদের দল। ম্যাচটি ঘিরে ব্রাজিল দলের জন্য বিশেষ ব্যবস্থা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
জানা গেছে, অস্ট্রেলিয়া সফর শেষে বিশেষ চার্টার্ড বিমানে কলকাতায় যাবে ব্রাজিল দল। অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার পর ১ অক্টোবর সরাসরি কলকাতায় পৌঁছাবে ভিনিসিয়ুসরা।
দীর্ঘ ১১ ঘণ্টার বিমানযাত্রার ধকল কমাতেই চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হচ্ছে। এ নিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে এআইএফএফের আলোচনা চলছে। ব্রাজিল দলের সঙ্গে মোট ৯০ জনের বহর থাকবে বলে জানা গেছে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে ফুটবলার, কোচ কার্লো আনচেলত্তি এবং সংস্থাটির সভাপতিসহ ৩০ জনের জন্য বিজনেস ক্লাস আসনের ব্যবস্থা করার কথা জানানো হয়েছে।
‘টাইমস অব ইন্ডিয়া’কে এআইএফএফের এক কর্মকর্তা বলেন, “ব্রাজিল বিশ্বফুটবলের সবচেয়ে সফল দল। বিশ্বের সেরা ফুটবলাররা আসছেন। তাই তাদের জন্য বিশেষ ব্যবস্থা তো করতেই হবে।”
তিনি আরও বলেন, “চার্টার্ড বিমানে বিজনেস ক্লাসে আসবেন ফুটবলারেরা। কলকাতায় নামার দুদিন পরই ম্যাচ। ১১ ঘণ্টার বিমানযাত্রার পর যাতে তাদের ওপর অতিরিক্ত ধকল না পড়ে, সে জন্যই এই ব্যবস্থা।”
শুধু বিমানযাত্রাতেই নয়, কলকাতা বিমানবন্দরেও ব্রাজিল দলের জন্য বিশেষ সুবিধা রাখা হচ্ছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতার জন্য বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না ফুটবলারদের। বিমানের ভেতরেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করা হচ্ছে। ফলে বিমান থেকে নেমেই সরাসরি হোটেলে যেতে পারবেন ভিনিসিয়ুসরা।
সময়ের আলো/টিকে