জাপানের নিশীন শহরের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমস ২০২৬-এর নারী ক্রিকেট প্রতিযোগিতার ৩য় স্থান নির্ধারণী (ব্রোঞ্জ পদক) ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও পাকিস্তান নারী ক্রিকেট দল। টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ব্রোঞ্জ পদক নিজেদের নামে নিশ্চিত করতে নিগার সুলতানা জ্যোতির টাইগ্রেসদের প্রয়োজন ২০ ওভারে ১৪৬ রান।
ফিরোজার ঝড়ো শুরু
পাওয়ার প্লে-তে পাকিস্তানের সূচনাটা ছিল দুর্দান্ত। ওপেনার গুল ফিরোজা মাত্র ২৩ বলে ৬টি চারের মারে ৩১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে শক্ত ভিত গড়ে দেন। ওপেনিং জুটিতে শাওয়াল জুলফিকারকে (২৭ বলে ১৭) সাথে নিয়ে ৪৬ রান তোলে পাকিস্তান।
টাইগার স্পিনারদের ব্রেক-থ্রু ও টানা পতন
সপ্তম ওভারে টাইগ্রেসদের অভিজ্ঞ স্পাইনার নাহিদা আক্তার বল হাতে এসে বোল্ড করেন সেট ব্যাটার ফিরোজাকে। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় বাংলাদেশের হাতে। নাহিদা, স্বর্ণা আক্তার, সঞ্জিদা আক্তার মেঘলা ও রিতু মনির স্পিন ঘুর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ইনিংসের মধ্যভাগে ৬৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।
অধিনায়ক ফাতেমার ক্যাপ্টেনস নক
৬৭ রানে ৫ উইকেট হারানোর পর উইকেটে ক্রিজ আঁকড়ে ধরেন অধিনায়ক ফাতেমা সানা ও অভিজ্ঞ অলরাউন্ডার আলিয়া রিয়াজ। ষষ্ঠ উইকেটে দুজনে মিলে ৩৩ বলে মূল্যবান ৫০ রান যোগ করেন। আলিয়া রিয়াজ ২৫ রান (২২ বল, ১টি চার, ২টি ছক্কা) করে রিতু মনির শিকারে পরিণত হলেও, এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান ফাতেমা সানা। ফাতেমার ৩০ বলে ৪৫ রানের (৩টি চার, ৩টি ছক্কা) বিধ্বংসী ইনিংসে ভর করেই শেষপর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় পাকিস্তান।
কোরোগি স্পোর্টস পার্কের স্লো অ্যান্ড লো উইকেটে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করা বাংলাদেশের ব্যাটারদের জন্য সহজ হবে না। ব্রোঞ্জ পদক নিশ্চিত করতে হলে ওপেনার দিলারা আক্তার ও নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন মিডল অর্ডারকে দায়িত্বশীল ব্যাটিং প্রদর্শন করতে হবে।
সময়ের আলো/টিকে