ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সীমিত সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য। এর আওতায় সৌদি যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহ করবে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের একটি বিমান।
সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে সাংবাদিকদের এ তথ্য জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনি বলেন, কয়েক সপ্তাহের জন্য সৌদি বিমানকে আকাশে জ্বালানি সরবরাহে সম্মত হয়েছে ব্রিটেন। তবে পরিস্থিতি পর্যালোচনা করে এই সহায়তা চালিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
ইয়েমেনের হুতিদের সঙ্গে সৌদি-সমর্থিত সরকারের সংঘাত নতুন করে তীব্র হয়েছে। হুতিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। শনিবার রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা প্রতিহত করা হয়।
এ ছাড়া বাব আল-মান্দাব প্রণালি ও লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে অবরোধ ঘোষণা করেছে হুতিরা। তারা সৌদি-সংশ্লিষ্ট জাহাজ এবং সৌদি আরবের ভেতরের তেল স্থাপনাতেও হামলা চালিয়েছে। সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ।
চলতি মাসের শুরুতে ইয়েমেনের ভেতরে নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে হুতিরা। তারা গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকা এবং লোহিত সাগরের কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করেছে। এর ফলে বাব আল-মান্দাব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নজরদারির সক্ষমতা বেড়েছে তাদের। সাধারণ সময়ে বিশ্বের প্রায় ১২ শতাংশ বাণিজ্য এই জলপথ দিয়ে হয়ে থাকে।
বার্নহ্যাম বলেন, ‘ব্রিটেন ও বৃহত্তর অঞ্চলের স্বার্থ সুরক্ষায়’ তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তাঁর ভাষ্য, সৌদি আরব হামলার শিকার হচ্ছে এবং আরও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই তেল পরিবহনের পথগুলো সচল রাখা প্রয়োজন।
ব্রিটেন হুতিদের হামলার নিন্দা জানিয়েছে। দেশটির সরকার বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে তারা অংশীদারদের সঙ্গে কাজ করবে।
ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে এই সহায়তা শুরু হবে। একটি আরএএফ ভয়েজার বিমান ‘প্রতিরক্ষামূলক’ অভিযানে থাকা সৌদি যুদ্ধবিমানগুলোকে আকাশে জ্বালানি সরবরাহ করবে।
এর আগে সৌদি আরব হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় বিমান প্রতিরক্ষা সহায়তার জন্য ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরসহ মিত্রদের কাছে সহায়তা চেয়েছিল বলে জানিয়েছিল অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
সময়ের আলো/কেএইচ