জাতিসংঘের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস কমে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।
আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো ‘কাপুরুষোচিত যুদ্ধ’, এর পরবর্তী ঘটনাপ্রবাহ এবং এখনো বিরাজমান যুদ্ধাবস্থার মধ্যেই তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, এই সফরের প্রধান লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থের পক্ষে অবস্থান তুলে ধরা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। মঙ্গলবার ‘আস্থা পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জাতিসংঘের প্রতি আস্থা কমে যাওয়ার বিষয়টি এখন স্পষ্ট।
আরাগচির মতে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কার্যকরভাবে বজায় রাখতে ব্যর্থতার কারণে সংস্থাটির ওপর মানুষের আস্থা ক্ষয় হয়েছে, এমনকি অনেকের ক্ষেত্রে তা পুরোপুরি হারিয়ে গেছে।
তিনি আরও অভিযোগ করেন, কিছু দেশ নিজেদের এমনভাবে পরিচালনা করছে যেন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আইন ও মানবতার সম্মিলিত বিবেক উপেক্ষা করার অধিকার তাদের রয়েছে। নিজেদের পাশাপাশি মিত্রদের জন্যও তারা দায়মুক্তি দাবি করছে।
আরাগচির দাবি, এর ফলে ‘ইহুদিবাদী শাসকের’ মতো একটি অপরাধী সত্তাকে ইচ্ছামতো কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। একই সময়ে নিজেদের মানবাধিকার ও মানবিক আইনের রক্ষক দাবি করা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো নীরব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র : আল জাজিরা
সময়ের আলো/এমকে