যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর মেট্রোরেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ট্রেন স্টেশনে পৌঁছানোয় বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা রুটে চলাচলকারী ট্রেনগুলো নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে স্টেশনে পৌঁছাচ্ছে বলে জানা গেছে। এতে অফিসগামীসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
ট্রেন আসতে দেরি হওয়ায় মেট্রোরেল স্টেশনগুলোর প্ল্যাটফর্মে যাত্রীদের চাপ বেড়ে যায়। বিশেষ করে মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও ও ফার্মগেট স্টেশনে প্রচণ্ড ভিড় দেখা গেছে।
তবে সাময়িক এই বিঘ্নের কারণ ও পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সময়ের আলো/কেএইচ