ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্মিত আফতাবনগর-বনশ্রী ২ নম্বর স্টিল ফুটওভার ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এ ব্রিজটি উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি দেন, তা সঠিক সময় বাস্তবায়ন করেন। যার প্রমাণ আফতাবনগর-বনশ্রী ২ নম্বর স্টিল ফুটওভার ব্রিজ। প্রধানমন্ত্রী নির্দেশনায় বনশ্রী-আফতাব নগরের যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত জীবনযাত্রার লক্ষ্যে নির্মিত আফতাবনগর-বনশ্রী ফুড ব্রিজ উদ্বোধন করা হলো। দেশ ও জনগণের স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন এবং আমরা সহযোগিতা করছি।
তিনি আরও বলেন, আফতাবনগর-বনশ্রী জনগণের যোগাযোগ ব্যবস্থা সহজতর ও স্কুল কলেজের নিরাপদে যাতায়াত এবং যানজট নিরসনের জন্য তিনটি ব্রিজ নির্মাণের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্রিজ ৩টি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। অন্য দুটি ব্রিজের জন্য ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে জাহাজে বহন করায় বিলম্ব হচ্ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায়, দেশীয় যন্ত্রপাতি দিয়ে জনগণের চলাচলও স্কুল-কলেজের নিরাপদ যাতায়াতের জন্য ২ নম্বর স্টিল ব্রিজ নির্মাণ কাজ হাতে নেওয়া হয় এবং দ্রুত বাস্তবায়ন করা হয়।
প্রশাসক জানান, দৃষ্টিনন্দন এই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকাবাসীর এবং এলাকাবাসী যাতে এই খালে ময়লা আবর্জনা না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই খালটি পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে। এই খাল পরিষ্কার, সংস্কার ও যথাযথ রক্ষণ করার হলে এলাকা পর্যটন শিল্পে পরিণত হবে। এলাকাবাসীকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে সহযোগিতার জন্য নিয়মিত ট্যাক্স প্রদানের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অর্থায়নে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে ৮৯.৫৪ কোটি টাকা ব্যয়ে আইডিয়াল স্কুল সংলগ্ন ১ নম্বর ব্রিজ (১৫.৪০ মিটার ও প্রস্থ ৩৮ মিটার দৈর্ঘ্য), ফরাজী হাসপাতাল সংলগ্ন ২ নম্বর ব্রিজ (৩.৮০ মিটার ও প্রস্থ ৪২ মিটার দৈর্ঘ্য) ও মেরাদিয়া বাজার সংলগ্ন ৩ নম্বর ব্রিজ (১৫.৪০ মিটার ও প্রস্থ ৪৯ মিটার দৈর্ঘ্য) প্রকল্পে আওতায় ২ নম্বর স্টিল ব্রিজ আজ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।
সময়ের আলো/কেএইচও