ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩ নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে ক্যান্টনমেন্ট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির উপ পুলিশ কমিশনার (সদর দফতর প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
এদিকে, সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্যের অডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানকে গত ১৭ সেপ্টেম্বর প্রত্যাহার করা হয়।
প্রত্যাহারের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আদেশে বলা হয়েছে, জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সময়ের আলো/মহু