নাবিকরা বহির্বিশ্বে দেশের দূত হিসেবে কাজ করেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ার্ল্ড মেরিটাইম ডে ও মেরিন একাডেমির ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নৌ পরিবহন মন্ত্রী বলেন, ‘মেরিটাইম সেক্টরে কাজ করার মতো আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, দক্ষ জনবল আছে। কিন্তু এ খাতের প্রতিবন্ধকতা দূর করে জনমূখী ও কার্যকর খাতে পরিণত করার মতো ব্যবস্থা অতীতে গ্রহণ করা হয়নি। তবে, এখন কাজ শুরু করা হয়েছে। সমন্বিত চেষ্টার মাধ্যমে সম্ভাবনাময় এ খাতের বিকাশে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্ত্রী বলেন, ‘দেশী-বিদেশী জাহাজে পণ্য পরিবহন ও ব্যবস্থাপনায় কাজ করা নাবিকরা দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কারণে তারা মানসিকভাবে দক্ষ ও শক্তিশালী হন। তারা পৃথিবীর মানুষদের প্রয়োজনীয় পণ্যের যোগান দিয়ে থাকেন। মানুষের সঙ্গে মানুষের, দেশের সঙ্গে দেশের কানেক্টিভিটি তৈরি করেন। বহির্বিশ্বে দেশের দূত হিসেবে কাজ করেন। কাজেই শিপিং লাইনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে আমরা অতীতের ব্যর্থতা দূর করে সামনে এগিয়ে যাব।’
তিনি বলেন, ‘এ সেক্টরে কাজ করা মানুষের জান বোঝার ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। তবে, দিনশেষে অর্জন অনেকটা ম্রিয়মান। কাজেই আমরা অর্জনটাকে বাড়াবার চেষ্টা করব।’
শেখ রবিউল আলম বলেন, ‘চট্টগ্রাম ও মোংলা বন্দর অর্থনীতির হাব হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর কাজ শুরু হয়েছে। ফলে বন্দরের সক্ষমতা বেড়েছে, পণ্য খালাস ও জাহাজের গড় অবস্থান সময় অনেক কমেছে। এখন প্রয়োজন আমাদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন, না হলে সবকিছু মুখ থুবড়ে পড়বে।’
তিনি জানান, মেরিন একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করা নাবিকদের চাকরির ক্ষেত্রে ১ বছরের ইন্টার্নশিপ সঠিকভাবে কাজে লাগানো এবং ক্যাডেটদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা তাকে অবগত করালে দ্রুত ব্যবস্থা নেবেন।
অনুষ্ঠানে সারোয়ার জামাল নিজাম এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, ডি জি শিপিং কমোডর শফিউল বারী বক্তৃতা দেন। এছাড়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাহাজ মালিক, প্রতিনিধিরা এবং সিঙ্গাপুর চায়না ও সাইপ্রাসের শিপিং সেক্টরের এজেন্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে মন্ত্রী একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে একাডেমি কম্যান্ডেন্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামিম তাকে স্বাগত জানান। এসময় ক্যাডেটরা কুচকাওয়াজ প্রদর্শন করে। পরে তিনি একাডেমি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন।
সময়ের আলো/মহু