সংকটের মধ্যে গ্যাসের চাপ আরও কমার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলমান গ্যাস সংকটের মধ্যেই আবারও কমেছে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ। কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এলএনজি

2026-09-25T01:58:36+00:00
2026-09-25T01:58:36+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সংকটের মধ্যে গ্যাসের চাপ আরও কমার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৮ এএম 
গ্রাফিক : সময়ের আলো
চলমান গ্যাস সংকটের মধ্যেই আবারও কমেছে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ। কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ কমে গেছে। এতে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ আরও কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান জানান, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কার্গো থেকে ভাসমান টার্মিনালে আমদানিকৃত এলএনজি স্থানান্তর ব্যাহত হচ্ছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় সামগ্রিক গ্যাস সরবরাহ কমে গেছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সরবরাহও স্বাভাবিক হবে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দেশে মোট গ্যাস সরবরাহ হয়েছে ২ হাজার ৩০১ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৬৮৬ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে। অথচ বুধবার এলএনজি সরবরাহ ছিল ৯৮২ মিলিয়ন ঘনফুট। এর আগে ২১ সেপ্টেম্বর এলএনজি সরবরাহ ছিল ১ হাজার ৩ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে এলএনজি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে।

এর আগে জুলাই ও আগস্টেও বৈরী আবহাওয়া এবং অন্যান্য কারণে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। জুলাইয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত এলএনজি কার্গোর ডেলিভারি শুরু করা সম্ভব না হওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গিয়েছিল। তখন পেট্রোবাংলা জানিয়েছিল, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

এরপর আগস্টেও মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল থেকে স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম এলএনজি পাওয়া যায়। একপর্যায়ে কার্গো সংকটের কারণে একটি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে দৈনিক আমদানি করা গ্যাসের সরবরাহ ৫৬১ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। দুই টার্মিনালের সম্মিলিত সক্ষমতা দৈনিক প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।

দীর্ঘ প্রায় দুই মাসের সংকটের পর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছিল। ১৫ সেপ্টেম্বর দুই ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছায়। এতে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহও ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুটের বেশি হয়েছিল।

কিন্তু সরবরাহ স্বাভাবিক হওয়ার কয়েক দিনের মধ্যেই ফের আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ কমে গেল। 

পেট্রোবাংলার সবশেষ তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৫৯১ মিলিয়ন ঘনফুট। বৃহস্পতিবার তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩০১ মিলিয়ন ঘনফুটে। অর্থাৎ তিন দিনের ব্যবধানে মোট সরবরাহ কমেছে প্রায় ২৯০ মিলিয়ন ঘনফুট।

এলএনজি সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়ছে গ্যাসের ওপর নির্ভরশীল বিভিন্ন খাতে। বিশেষ করে শিল্প-কারখানা, বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহকরা গ্যাসের চাপ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়তে পারেন। এর আগে এলএনজি সরবরাহ কমে যাওয়ার সময়ও এসব খাতে গ্যাসের চাপ কমার কথা জানিয়েছিল পেট্রোবাংলা।

পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, মহেশখালীর ভাসমান টার্মিনালগুলো থেকে এলএনজি সরবরাহ কমে গেলে এর সরাসরি প্রভাব পড়ে জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায়। কারণ আমদানি করা এলএনজি রিগ্যাসিফিকেশনের পর জাতীয় গ্রিডে যুক্ত হয়ে বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও অন্যান্য খাতে সরবরাহ করা হয়।

পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান বলেন, আবহাওয়ার উন্নতি হলে এলএনজি স্থানান্তর কার্যক্রম স্বাভাবিক হবে। এরপর গ্যাস সরবরাহও দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   সংকট  গ্যাস  শঙ্কা  আমদানি  এলএনজি  সরবরাহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: