ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন তার মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। একই সঙ্গে ছেলের হত্যার ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে নাহিদা লেখেন, ‘মা, তুমি তো বলেছিলে আমি তোমার পৃথিবী… আজ সেই পৃথিবীটা এত নিঃশব্দ কেন? আমি তো আর তোমার কাছে ফিরব না মা… শুধু আমার জন্য একটু দোয়া করো। আর আমার চলে যাওয়ার সত্যটা যেন চাপা না পড়ে।’
১৮ সেপ্টেম্বর দুপুরে কোটবাড়ির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন অপ্রতিম। পরদিন লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতে দেওয়া জবানবন্দি অনুযায়ী, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে নিহতের পরিবারের দাবি, হত্যার পেছনে আরও কারণ রয়েছে। নাহিদা বেগমের অভিযোগ, মাদকের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণে এলাকার একটি মাদকচক্র অপ্রতিমকে পরিকল্পিতভাবে টার্গেট করে থাকতে পারে।
মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে কথা বলার সময় ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রচারে ক্ষোভ জানান তিনি। নাহিদা বলেন, ‘আমার দুধের শিশু, তাকে ব্লেমিং করা আমি কোনোদিন মেনে নেব না।’
তিনি আরও বলেন, ‘আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অন্য কারও সম্পৃক্ততা থাকলে তদন্তে তা বেরিয়ে আসবে।
সময়ের আলো/এমকে