হবিগঞ্জে মোটরসাইকেল ও টমটম অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট চানপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া এলাকার আলী আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান(২০) এবং ওই এলাকার শেখ আব্দুল কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া (২০)।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় - শুক্রবার বিকেলে দুই বন্ধু চুনারুঘাট চা বাগান এলাকায় বেড়াতে যান। এসময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।এসময় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোহাদ্দিছ ও নয়ন রাস্তার পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এঘটনায় টমটমের চালকসহ আরও ২জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সময়ের আলোকে জানান-খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
সময়ের আলো/এনএন