স্কুল পর্যায়ে ভলিবলের নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে আয়োজিত ‘ঢাকা মেট্রো স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ শেষ হয়েছে। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কালাচাঁদপুর হাই স্কুল এবং বালিকা বিভাগে শিরোপা জিতেছে শহিদ আনোয়ার গার্লস কলেজ।
বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ ব্যবস্থাপনায় গত ২০ সেপ্টেম্বর শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হয় প্রতিযোগিতাটি। ঢাকার ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের বালক ও বালিকা দল এতে অংশ নেয়। বৃহস্পতিবার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় চার দিনের এই আয়োজন।
বালক বিভাগে কালাচাঁদপুর হাই স্কুলের সঙ্গে রানার্সআপ হয়েছে মাইলস্টোন কলেজ, উত্তরা। তৃতীয় স্থান অর্জন করেছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন শহিদ আনোয়ার গার্লস কলেজ। রানার্সআপ মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন) এবং তৃতীয় হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বিআইএসসি), ডিওএইচএস মহাখালী।
ব্যক্তিগত পুরস্কারেও ছিল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের দাপট। বালক বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন কালাচাঁদপুর হাই স্কুলের অর্জুন। সেরা সেটার সৌরভ, সেরা স্পাইকার মাইলস্টোন কলেজের রায়ান, সেরা সার্ভার কালাচাঁদপুরের আলেক এবং সেরা ডিফেন্ডার ও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মুস্তাকিম।
বালিকা বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন শহিদ আনোয়ার গার্লস কলেজের অন্তরা। একই দলের আদিবা সেরা সেটার এবং মাওয়া মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন। সেরা স্পাইকার হয়েছেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের মেধা। সেরা সার্ভার ও ডিফেন্ডারের পুরস্কার পেয়েছেন একই প্রতিষ্ঠানের সুভা।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন সাদ্দাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি বিমল ঘোষ ভুলু, বাংলাদেশ ফুটবল রেফারিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল হান্নান মিরন এবং বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রবিউল আলম।
এ ছাড়া বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তা, অংশগ্রহণকারী দলের প্রশিক্ষক, ম্যানেজার, শিক্ষক, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজয়ী দলগুলোর হাতে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থানের ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। ব্যক্তিগত ক্যাটাগরিতে নির্বাচিত সেরাদের দেওয়া হয় পুরস্কার ও সনদপত্র।
আয়োজকরা জানান, স্কুল পর্যায়ে ভলিবলের প্রসার, শিক্ষার্থীদের খেলাটির প্রতি আগ্রহ বাড়ানো এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন।
সময়ের আলো/প্রিন্ট/টিকে