দুয়ারে কড়া নাড়ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম। আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে প্রথম শ্রেণির ক্রিকেটের দেশের সবচেয়ে বড় এই ঘরোয়া আসরের ২৮তম সংস্করণ।
নতুন মৌসুমে আট বিভাগীয় দলের স্কোয়াডও চূড়ান্ত হয়েছে। জাতীয় দলে খেলা এবং বর্তমানে জাতীয় দলের আশপাশে থাকা একাধিক ক্রিকেটারকে নিয়ে সাজানো হয়েছে দলগুলো। তবে এশিয়ান গেমসে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত থাকায় শুরুর রাউন্ডে তাদের অনেককেই পাওয়া যাবে না।
খুলনা বিভাগে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। তার দলে রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব। তাদের সঙ্গে আছেন ইমরানুরুজ্জামান, আজিজুল হাকিম তামিম ও নাহিদুল ইসলাম।
ঢাকার নেতৃত্বে মাহিদুল ইসলাম অঙ্কন। দলে রয়েছেন জাতীয় দলের হয়ে খেলা নাঈম শেখ ও জিসান আলম। উইকেটের পেছনে অঙ্কনের সঙ্গে থাকবেন আশিকুর রহমান শিবলী।
চট্টগ্রামেও রয়েছে জাতীয় দলের পরিচিত মুখ। শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন পাটোয়ারী আছেন দলে। উইকেটরক্ষক হিসেবে থাকছেন ইরফান শুক্কুর ও সাব্বির হোসেন সিকদার। শুরুতে ইয়াসির আলী রাব্বির নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও জাতীয় দলের সঙ্গে থাকায় শুরুর কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।
সিলেটের নেতৃত্বে জাকির হাসান। তার দলে রয়েছেন অমিত হাসান, তৌহিদুল ইসলাম ফেরদৌস, আশরাফুল হাসান রিয়াদ ও নাবিল সামাদ। রংপুরকে নেতৃত্ব দেবেন আকবর আলী। তার দলে আছেন অনিক সরকার সেতু, জাহিদ জাভেদ ও নবিন ইসলাম।
ময়মনসিংহের অধিনায়ক রকিবুল হাসান। দলটিতে রয়েছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান পর্যায়ের পরিচিত ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ও মুনিম শাহরিয়ার। রাজশাহীর নেতৃত্বে প্রীতম কুমার। এই দলে আছেন অভিজ্ঞ সাব্বির রহমান রুম্মান ও সানজামুল ইসলাম। বরিশালের অধিনায়ক ইফতেখার হোসেন ইফতি।
এবারের এনসিএলে আট দল একে অন্যের বিপক্ষে সাতটি করে ম্যাচ খেলবে। চার দিনের এই প্রতিযোগিতায় সাত রাউন্ডে হবে মোট ২৮ ম্যাচ। ৩ অক্টোবর শুরু হয়ে শেষ রাউন্ড শুরু হবে ১৭ নভেম্বর।
উদ্বোধনী রাউন্ডে খুলনা খেলবে বরিশালের বিপক্ষে, চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী, সিলেট খেলবে ময়মনসিংহের বিপক্ষে এবং বর্তমান চ্যাম্পিয়ন রংপুর মুখোমুখি হবে ঢাকার।
সময়ের আলো/প্রিন্ট/টিকে