গাইবান্ধায় ছেলের কণ্ঠ নকল করে বাবার কাছ থেকে টাকা আদায়, গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সন্তানের কণ্ঠস্বর নকল করে বাবার কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে গাইবান্ধায় প্রতারক চক্রের দুই

2026-09-26T13:30:18+00:00
2026-09-26T13:30:18+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় ছেলের কণ্ঠ নকল করে বাবার কাছ থেকে টাকা আদায়, গ্রেফতার ২
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩০ পিএম 
প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার। ছবি : সময়ের আলো
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সন্তানের কণ্ঠস্বর নকল করে বাবার কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে গাইবান্ধায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন দরোবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ওই গ্রামের সোহেল মণ্ডল (২৭) এবং হেলাল ইসলাম (২২)। তাদের মধ্যে সোহেল মণ্ডলকে চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট এবং নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

এসআরবি-এর ভাষ্যমতে, গত ২০ জুলাই দুপুরে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে একটি কল আসে। কলে জানানো হয়, তার ছোট ছেলে তামিম আল মাহী বন্ধুদের সঙ্গে মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে। প্রতারকরা এআই প্রযুক্তি ব্যবহার করে হুবহু তার ছেলের কণ্ঠে কথা বলে আমিনুল ইসলামের আস্থা অর্জন করে। এরপর ছেলেকে ছাড়িয়ে আনতে টাকা দাবি করা হয়। দাবি অনুযায়ী, তিনি দুই দফায় মোট ৪০ হাজার টাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নগদে প্রতারকদের হাতে তুলে দেন। পরে ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে পুরো বিষয়টি প্রতারণা বলে নিশ্চিত হন তিনি।


প্রতারণার শিকার হয়ে আমিনুল ইসলাম নিজেই ঘটনা সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করেন এবং গত ২৫ সেপ্টেম্বর নাটোর সদর থানায় একটি প্রতারণা মামলা করেন, যার নম্বর ৫৯।

ঘটনার সামাজিক গুরুত্ব বিবেচনায় এসআরবি গোয়েন্দা তৎপরতা জোরদার করে প্রতারক চক্রকে শনাক্তে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া সাতটার দিকে সিপিসি-৩, এসআরবি-১৩-এর একটি অভিযানিক দল গাইবান্ধায় অভিযান চালিয়ে দুজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে এসআরবি।

এ বিষয়ে এসআরবি-১৩-এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

সম্প্রতি বিগত ৪৮ ঘণ্টায় আরও কয়েকটি সাফল্যের কথা জানিয়েছে এসআরবি। এর মধ্যে গাইবান্ধায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ, রংপুরের তাজহাটে অটোরিকশা গ্যারেজ মালিক হত্যা মামলার এক আসামি গ্রেফতার, পীরগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুজন গ্রেফতার, কুড়িগ্রামে মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার, দিনাজপুরের ঘোড়াঘাটে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার এবং রংপুরের গংগাচড়া এলাকা থেকে একটি দেশীয় পিস্তল জব্দের তথ্য উল্লেখযোগ্য।

সময়ের আলো/জোই
  বিষয়:   ছেলে  কণ্ঠ নকল  বাবা  টাকা আদায়  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: