সমাজসেবা অধিদফতরের ১ হাজার ৪৮৫টি সরকারি পদে নিয়োগের জন্য আবেদন করেছেন ২১ লাখ ২৩ হাজারের বেশি প্রার্থী। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়ে প্রায় ১ হাজার ৪৩০ জন। বিপুলসংখ্যক আবেদনকারীর কারণে নিয়োগ পরীক্ষা আয়োজন নিয়ে চ্যালেঞ্জে পড়েছে কর্তৃপক্ষ।
গত মে মাসে ১৩ থেকে ২০তম গ্রেডের ৫২টি ক্যাটাগরিতে স্থায়ী ও অস্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২ থেকে ২৩ জুন পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়। পদভেদে আবেদন ফি ছিল ৫০ থেকে ১০০ টাকা।
আবেদন শেষ হওয়ার তিন মাস পেরিয়ে গেলেও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউসুফ জানিয়েছেন, দ্রুত নিয়োগ শেষ করার উপযুক্ত পদ্ধতি নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
অধিদফতর সূত্রে জানা গেছে, এত বিপুলসংখ্যক প্রার্থীর পরীক্ষা নেওয়ার পূর্ব অভিজ্ঞতা নেই তাদের। পরীক্ষাকেন্দ্র নির্বাচন, প্রশ্নপত্র ছাপানো, পরিদর্শক নিয়োগ ও উত্তরপত্র মূল্যায়নসহ বিভিন্ন ধাপে বড় ধরনের লজিস্টিক ও আর্থিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তা নিয়েও আলোচনা চলছে।
অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেন, স্বচ্ছতা বজায় রেখেই দ্রুত নিয়োগ সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে আবেদনকারীর সংখ্যা বিবেচনা করে করণীয় ঠিক করতে মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন হচ্ছে।
এই নিয়োগে সবচেয়ে বেশি ৪৭৮টি পদ অফিস সহায়কের। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস। এছাড়া ইউনিয়ন পর্যায়ে ৩১২ জন সমাজকর্মী নিয়োগ দেওয়া হবে।
সময়ের আলো/এমকে