বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন করে ১১টি বোয়িং উড়োজাহাজ কেনায় প্রায় আড়াই বিলয়ন বা ২৫০ কোটি মার্কিন ডলার খরচ হতে পারে। বিমান কেনার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট এক সিনিয়র কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।
যদিও এখন পর্যন্ত উড়োজাহাজগুলোর চূড়ান্ত দর, অর্থায়ন, পরিশোধের শর্ত ও সরবরাহের সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, অতিরিক্ত বোয়িং কেনার প্রস্তাবটি চুক্তির আগে বিমানের টেকনো-ফাইন্যান্স কমিটি বিস্তারিতভাবে মূল্যায়ন করেনি।
গত সপ্তাহে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার ও ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি সই হয়। বোয়িং এখন তাদের উড়োজাহাজের হালনাগাদ মূল্য প্রকাশ করে না। তবে ২০১৯ সালে সবশেষ মূল্যতালিকার ভিত্তিতে পাঁচটি ৭৮৭-১০ ও ছয়টি ৭৩৭ ম্যাক্স ৮-এর দাম হতে পারে প্রায় ২৪২ কোটি ডলার। যদিও বড় ধরনের উড়োজাহাজ কেনায় সাধারণত দরকষাকষি হয়। তবে ২৫০ কোটি ডলারের সম্ভাব্য ব্যয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে গত ৩০ এপ্রিল ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। ওই চুক্তিতে রয়েছে আটটি ৭৮৭-১০, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮। চুক্তি অনুযায়ী এর মূল্য প্রায় ৩৭০ কোটি ডলার।
দুই চুক্তিতে চলতি বছরে বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কেনার কথা রয়েছে বিমানের। এর মধ্যে রয়েছে ১৩টি ৭৮৭-১০, দুটি ৭৮৭-৯ এবং ১০টি ৭৩৭-৮।
সময়ের আলো/প্রিন্ট/টিকে