দেশব্যাপী তায়কোয়ান্দো ছড়িয়ে দেওয়াই লক্ষ্য ফেডারেশনের

মামুন হোসেন

খেলা

আগস্ট-সেপ্টেম্বরে ফেডারেশন কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতার আয়োজন করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন। মাস না ঘুরতে এবার আরও একটি

2026-09-29T05:11:17+00:00
2026-09-29T05:11:17+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
দেশব্যাপী তায়কোয়ান্দো ছড়িয়ে দেওয়াই লক্ষ্য ফেডারেশনের
মামুন হোসেন
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১১ এএম 
ছবি : সংগৃহীত
আগস্ট-সেপ্টেম্বরে ফেডারেশন কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতার আয়োজন করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন। মাস না ঘুরতে এবার আরও একটি বড় প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে তারা। আগামী ২ এবং ৩ অক্টোবর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ’। 

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবারের আসর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ক্লাব কাপ ওপেন চ্যাম্পিয়নশিপ’। আগামী ২ অক্টোবর সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসরের উদ্বোধন ঘোষণা করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দেশের বিভিন্ন জেলা, ক্রীড়া সংস্থা হতে ২২টির অধিক ক্লাবের পাঁচ শতাধিক (পুরুষ ৩০০ জন, নারী ২০০ জন) প্রতিযোগী আসরে অংশ নিচ্ছে। 

দেশব্যাপী তায়কোয়ান্দো ছড়িয়ে দিতেই এত বড় মহাযজ্ঞের আয়োজন— সময়ের আলোকে এমনটাই জানান বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।

জাতীয় চ্যাম্পিয়নশিপে যেখানে একটি জেলা থেকে সাকুল্যে আট-দশ প্রতিযোগী খেলার সুযোগ পায়, সেখানে ক্লাব কাপ ওপেন চ্যাম্পিয়নশিপ খেলোয়াড়দের জন্য বিরাট প্ল্যাটফর্ম। অনেক বেশি প্রতিযোগীর অংশ নেওয়ার দারুণ এক সুযোগ। এ ব্যাপারে ফেডারেশন সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা জানান, ‘দেশব্যাপী তায়কোয়ান্দোকে ছড়িয়ে দিতেই মূলত ক্লাব কাপ ওপেন চ্যাম্পিয়নশিপ আয়োজন। এখানে অনেক ছেলে মেয়ে অংশ নেওয়ার সুযোগ পাবে। এটা তাদের জন্য বিরাট এক সুযোগ।

জাতীয় চ্যাম্পিয়নশিপে যেখানে একটি জেলার মাত্র কয়েকজন অংশ নেওয়ার সুযোগ পায়, সেখানে ক্লাব কাপে এক জেলায় যদি চার-পাঁচটা ক্লাব থাকে এবং একটি ক্লাবে যদি ১০ জন করেও প্লেয়ার থাকে, সেই হিসাবে প্রায় ৫০-৬০ জন প্রতিযোগী একটা জেলা থেকেই খেলার সুযোগ পাচ্ছে। এতে করে খেলোয়াড়রা যেমন উৎসাহিত হওয়ার সুযোগ পাচ্ছে, তেমনি সংগঠক, ক্লাব কর্তারাও নিজেদের প্রমাণের প্ল্যাটফর্ম পাচ্ছে। এই প্রতিযোগিতায় যারা ভালো করবে তারা পদক পাবে, সার্টিফিকেট পাবে। যা তাদের ভবিষ্যতের পথকে আরও সুগম করবে। তারা খেলাটির প্রতি আগ্রহী-উৎসাহী হবে।’ একই সঙ্গে এই প্রতিযোগিতা জাতীয় দলের পাইপলাইনকেও সমৃদ্ধ করবে বলে সময়ের আলোকে জানান মাহমুদুল ইসলাম রানা।

ক্লাব কাপ ওপেন চ্যাম্পিয়নশিপ যে ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে সেই মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাবের সভাপতি বিএনপি মিডিয়া সেল সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সদস্য এবং সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান আয়োজন সম্পর্কে জানান, ‘খেলার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে ক্লাবভিত্তিক প্রতিযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তায়কোয়ান্দো ফেডারেশনের লক্ষ্যই হচ্ছে ক্লাব কাপ প্রতিযোগিতার মাধ্যমে দেশব্যাপী তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়া। তায়কোয়ান্দো ফেডারেশন অ্যাডহক কমিটির চেয়ারম্যান, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে এই প্রতিযোগিতাটি সাফল্যমণ্ডিত করবে, প্রতিযোগিতাটি সফল বলে হবে আমার দৃঢ় বিশ্বাস।’

 বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন শুধু ফেডারেশন কাপ কিংবা ক্লাব কাপ ওপেন চ্যাম্পিয়নশিপই নয়, বছরজুড়ে আরও অনেকগুল প্রোগ্রাম হাতে নিয়েছে। যে প্রতিযোগিতার মাধ্যমে তায়কোয়ান্দোকে তারা ঢাকার বাইরে ছড়িয়ে দিতে চায়। সরকারের স্পষ্ট বার্তা হলো, তায়কোয়ান্দো যেন শুধু ঢাকাকেন্দ্রিক না থাকে, সেটি যেন জেলা থেকে উপজেলা একেবারে 
তৃণমূলে পৌঁছে যায়। মাহমুদুল ইসলাম রানা এবং তার কমিটি সরকারের সেই লক্ষ্য পূরণে যেন বদ্ধপরিকর। তাই তো ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের পাশাপাশি একই সময়ে রেফারি ট্রেনিং এবং রিফ্রেশার কোর্সের আয়োজন করেছে ফেডারেশন। যা শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে (১-৩ অক্টোবর)। 

এ ছাড়া আগামী ৯ ও ১০ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ, ২০-২১ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে ব্ল্যাক বেল্ট টেস্ট ২০২৬, আগামী ৩০-৩১ অক্টোবর কক্সবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আন্তঃজেলা ওপেন তায়কোয়ান্দো প্রতিযোগিতা, ১২ থেকে ১৫ নভেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোচেস ট্রেনিং ও রিফ্রেশার কোর্স, আগামী ২৭-২৮ নভেম্বর রাজশাহীতে অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা তায়কোয়ান্দো প্রতিযোগিতা, ৪ ও ৫ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জুনিয়র ওপেন তায়কোয়ান্দো, ১৮-১৯ ডিসেম্বর গাজীপুর জেলা স্টেডিয়ামে ওপেন তায়কোয়ান্দো প্রতিযোগিতা এবং বছরের প্রান্তে অর্থাৎ আগামী ২৮ ডিসেম্বর ২০২৬ থেকে ৩ জানুয়ারি ২০২৭ সালে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে ২৩তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ান্দো প্রতিযোগিতা।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   দেশব্যাপী  তায়কোয়ান্দো  ফেডারেশন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: