ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ সূচকে ১৫৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।
একই সময়ে ১৯৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। এই স্কোর অনুযায়ী কলকাতার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় ১৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর, ১৭২ স্কোর নিয়ে তৃতীয় মালয়েশিয়ার কুয়ালালামপুর, ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ পাকিস্তানের লাহোর এবং ১৬০ স্কোর নিয়ে পঞ্চম কাতারের দোহা।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরের বায়ু ‘অনেক ভালো’ এবং ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়ছে। দূষিত বাতাসের দীর্ঘমেয়াদি প্রভাবে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে এসব রোগে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
সময়ের আলো/এমকে