চাঁদাবাজির সঙ্গে বিএনপিকে জড়িয়ে একটি ‘ব্র্যান্ডিং’ বা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা আসলে রয়েছে। এটা রাজনীতি। আমি এটা বলছি না এই সরকারের সময়ে, এই সরকারের সঙ্গে কানেক্টেড বা এই সরকারের দলের নাম নিয়ে কেউ এটা করছে না। আমরা ন্যারেটিভের কথা বলছি, এই চেষ্টা ইন্টেরিমের সময় থেকেই আসলে রয়েছে। এই চেষ্টা চলছে এবং এটা রাজনীতি। এই রাজনীতি করার চেষ্টা তারা করতেই পারেন।
এনসিপির চাঁদাবাজিবিরোধী কর্মসূচির বিষয়ে তিনি বলেন, এটি তার কাছে ‘সার্কাজম’ মনে হয়েছে। তবে সহিংস কোনো কর্মসূচির পরিবর্তে এ ধরনের কর্মসূচিকে সরকার স্বাগত জানায়।
জাহেদ উর রহমান বলেন, যেকোনো ভায়োলেন্ট কিছুর পরিবর্তে এই ধরনের কর্মসূচিকে আমরা ওয়েলকাম করি। তারা যদি মনে করেন এটার মাধ্যমে তারা জনগণের সঙ্গে কানেক্ট করতে পারবেন, তারা সেটার চেষ্টা করুক। তাদের জায়গা থেকে তারা করবে।
সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কাজ ন্যারেটিভ তৈরি করা নয়, বরং যেসব অভিযোগ রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
চাঁদাবাজির সঙ্গে কারা জড়িত এবং তাদের কারও সঙ্গে কোনো রাজনৈতিক বা অন্য ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে সরকারের কাছে তথ্য রয়েছে বলেও জানান তথ্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, প্রয়োজন হলে সরকার ব্যবস্থা নেবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বা নেতিবাচক ধারণা থাকলেও বাংলাদেশ ‘অ্যানার্কি’ অবস্থা থেকে বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছু ক্ষেত্রে অবনতি হয়েছে, আবার কিছু অপরাধ কমেছেও। তবে কোথাও দায়িত্বে অবহেলা বা গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/আতা