সমাজের নানা অসঙ্গতি, অন্যায় ও মানবিক সংকট বারবার উঠে এসেছে গীতিকবি মাহবুবুল খালিদের গান-কবিতায়। নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত মানুষের পক্ষে কথা বলাকে নিজের শিল্পচর্চার অন্যতম দায় হিসেবে দেখেন। তারই ধারাবাহিকতায় এবার তার গানে উঠে এসেছে যৌতুকের ভয়াবহতা, এর কারণে নারীর প্রতি সহিংসতা এবং এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান।
‘যৌতুক’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সোমনূর মনির কোনাল ও রাফসান। গানটির সুরকার প্রয়াত সংগীত কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুল।
গানের কথায় যৌতুককে ব্যাধি, যন্ত্রণা ও অভিশাপ হিসেবে তুলে ধরেছেন মাহবুবুল খালিদ। যৌতুকের লোভে নারীর ওপর নির্যাতন, অ্যাসিড-সন্ত্রাস এবং একটি সুখের সংসার কীভাবে দুঃসহ জীবনে পরিণত হয়, সেই চিত্র গানটিতে ফুটে উঠেছে। পাশাপাশি অন্যায় মেনে না নিয়ে প্রতিবাদ করার বার্তাও দিয়েছেন গীতিকার। গানটি প্রকাশিত হয়েছে ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেলে। একই নামে ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও গানটি শোনা যাচ্ছে।
দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বিভিন্ন মানবিক সংকটও স্থান পেয়েছে মাহবুবুল খালিদের গানে। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়ে তিনি লিখেছেন একাধিক গান। পাশাপাশি ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ নিয়েও রয়েছে তার গান। সামাজিক অন্যায়, মানবিক বিপর্যয় ও সমসাময়িক নানা ঘটনাকে গানের ভাষায় তুলে ধরার সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো ‘যৌতুক’।
সময়ের আলো/প্রিন্ট/কেআই