হরমুজে জয় দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বড় মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মার্কিন জনগণের উদ্দেশে দেওয়া এক

2026-09-30T03:29:00+00:00
2026-09-30T03:29:00+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে জয় দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৯ এএম 
হরমুজে জয় দাবি ইরানের। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বড় মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মার্কিন জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় আইআরজিসি মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধাপরাধ বন্ধ করতে হবে। তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের সামনে মধ্যপ্রাচ্য থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই।

একই সময়ে ইরানকে নিষেধাজ্ঞা থেকে কিছুটা ছাড় এবং দেশটির জব্দ করা তহবিলে প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে মার্কিন প্রশাসন প্রস্তাব দিয়েছে— মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি ওই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন প্রচারণা’ বলে অভিহিত করেছেন। 

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের পরোক্ষ আলোচনা হয়েছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব ওয়াশিংটনের কাছ থেকে মঙ্গলবার পাওয়ার আশা করছেন তিনি।

এদিকে সংযুক্ত আরব আমিরাত নিশ্চিত করেছে, সপ্তাহান্তে উপসাগরীয় দেশটি সফরের সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। কাতার জানিয়েছে, তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদানের কাজ অব্যাহত রেখেছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের প্রস্তাবের বিষয়ে আজই যুক্তরাষ্ট্রের জবাব পাওয়ার আশা করছেন তিনি।

অন্যদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি জাহাজ সন্দেহভাজন একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ লেবাননের মাজদাল জৌন এলাকায় ইসরাইলি বাহিনী বেশ কয়েকটি বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে। 

সংস্থাটি আরও জানিয়েছে, টায়ার শহরের দক্ষিণে মানসুরিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গাজায় রাফার কাছে আল-মাওয়াসিতে ইসরাইলি বাহিনীর গুলিতে আহত এক নারী মারা গেছেন বলে নাসের মেডিকেল কমপ্লেক্সের সূত্র আলজাজিরাকে জানিয়েছে। 

এ ছাড়া জাবালিয়া শরণার্থীশিবিরের আল-ফালুজা ক্লিনিকের কাছে ইসরাইলি ড্রোন হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে ঘটনাস্থলে থাকা আলজাজিরার সহকর্মীরা জানিয়েছেন।

অধিকৃত পশ্চিম তীরের বেইতুনিয়ায় বসতি স্থাপনকারীরা এলাকা ছেড়ে যাওয়ার সময় ইসরাইলি বাহিনী গুলি চালিয়েছে বলে আলজাজিরার সংবাদদাতারা জানিয়েছেন। 

অন্যদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসলামিক ওয়াকফ জানিয়েছে, ইসরাইলি পুলিশের নিরাপত্তায় ৯০০-এর বেশি অবৈধ বসতিস্থাপনকারী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে।

হরমুজে জয় দাবি ইরানের : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালির নিকটবর্তী অঞ্চলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বিভিন্ন জাহাজে হামলার ঘটনায় নিজেদের সফলতা দাবি করছে ইরান। তেহরানের দাবি, এসব হামলার কারণেই ওয়াশিংটন তাদের যুদ্ধজাহাজগুলো ইরানি উপকূল থেকে আরও দূরে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন আট জন মেরিন সেনা ধোঁয়া শ্বাস-প্রশ্বাসের ফলে অসুস্থ হওয়া এবং ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পরই এই আলোচনা সামনে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, মার্কিন যুদ্ধজাহাজগুলো চলতি মাসের শুরুর দিকে তাদের আগের ব্লকেড বা অবরোধের অবস্থান থেকে পিছিয়ে গেছে। পূর্বে ওমান উপসাগরের প্রবেশদ্বার এবং চাবাহার বন্দরের কাছাকাছি অবস্থান করলেও, ইরানি ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচতে তারা এখন আরও গভীরে আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলে সরে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও সাম্প্রতিক এক বার্তায় মার্কিন নৌবাহিনীর এই পিছু হটাকে ইরানের যোদ্ধাদের বীরত্বপূর্ণ ও বেদনাদায়ক আঘাতের ফল বলে অভিহিত করেছেন।


এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রাখার পাশাপাশি হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তা সত্ত্বেও গত কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী এই প্রণালি দিয়ে উল্লেখযোগ্য পরিমাণে জ্বালানি চালানে সফল হয়েছে। 

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, প্রতিদিন প্রায় ১৩ মিলিয়ন ব্যারেল এবং অর্থসচিব স্কট বেসেন্টের প্রাক্কলন অনুযায়ী প্রতিদিন ১৫ থেকে ২২ মিলিয়ন ব্যারেল কাঁচা তেল এই পথ দিয়ে পার হচ্ছে, যা যুদ্ধপূর্ব ২০ মিলিয়ন ব্যারেলের কাছাকাছি। আরব উপসাগরীয় দেশগুলো মার্কিন বাহিনীর সুরক্ষায় পুরোনো বা কম মূল্যবান ভেসেল ব্যবহার করে এবং ট্রান্সপন্ডার বন্ধ রেখে ওমানের উপকূল ঘেঁষে ‘শাটল সিস্টেমের’ মাধ্যমে তেল পরিবহন অব্যাহত রেখেছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন নেতৃত্বাধীন অবরোধ ও অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখেও ইরান হরমুজ প্রণালিতে নিজেদের কৌশলগত প্রভাব বজায় রাখতে নিয়মিত হামলা চালিয়ে যাওয়ার নীতি অব্যাহত রাখতে পারে। মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় চালুর চেষ্টা করলেও এবং পূর্ণাঙ্গ সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা তাৎক্ষণিকভাবে না থাকলেও, ইরানের এই অবস্থান পরিস্থিতিকে একটি নিয়ন্ত্রিত উত্তেজনার দিকে নিয়ে যাচ্ছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   হরমুজ  জয়  দাবি  ইরান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: