মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার দাবি বাল্যবিবাহকে উৎসাহিত করবে বলে মন্তব্য করেছে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা প্ল্যাটফর্ম ‘গার্লস নট ব্রাইডস বাংলাদেশ’। পঞ্চগড় জেলা মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতির এ দাবির প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি পঞ্চগড় জেলা মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর এবং ছেলেদের ১৮ বছর নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে গার্লস নট ব্রাইডস বাংলাদেশ।
সংগঠনটি বলেছে, দেশে যখন বাল্যবিবাহের প্রবণতা নিয়ে উদ্বেগ রয়েছে এবং তা প্রতিরোধে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে, তখন বিয়ের বয়স কমানোর এ ধরনের দাবি বাল্যবিবাহকে উৎসাহিত করবে। তাদের মতে, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর দাবি বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার এবং শিশু অধিকার সুরক্ষার পরিপন্থি।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারি নিবন্ধনপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রাররা আইন অনুযায়ী বিবাহ নিবন্ধনের দায়িত্ব পালন করেন। তাই বাল্যবিবাহ প্রতিরোধে প্রচলিত আইন মেনে চলা এবং আইন বাস্তবায়নে ভূমিকা রাখাই তাদের দায়িত্ব। বিয়ের বয়স কমানোর দাবি সেই দায়িত্বশীল ভূমিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সরকারি নিবন্ধনপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারদের জনস্বার্থ, দেশের প্রচলিত আইন ও মানবাধিকারের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে গার্লস নট ব্রাইডস বাংলাদেশ। একই সঙ্গে এ ধরনের তৎপরতা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপও দাবি করেছে সংগঠনটি।
গার্লস নট ব্রাইডস বাংলাদেশ কোয়ালিশনে রয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, দলিত, আইসিডিডিআরবি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, কেয়ার বাংলাদেশ, পিএসটিসি, ব্র্যাক, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, এমজেএফ, অ্যাকশনএইড বাংলাদেশ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), এসডিএস, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং টেরে দেজ হোমস নেদারল্যান্ডসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
সময়ের আলো/জেডি