এশিয়ান গেমসে ক্রিকেটের ব্রোঞ্জ পদকের লড়াইয়েও ব্যর্থ বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে খালি হাতেই ফিরতে হলো লিটন দাসের দলকে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। মাত্র ২১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে থারিন্দু রত্নায়েকে ও সাদিরা বান্দারার ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তোলে শ্রীলঙ্কা।
রত্নায়েকে ছিলেন ইনিংসের মূল নায়ক। মাত্র ২৭ বলে ফিফটি তুলে নেওয়া এই ব্যাটসম্যান ৩২ বলে ৭ চার ও ৫ ছক্কায় করেন ৬৫ রান। শেষ পাঁচ ওভারে শ্রীলঙ্কা তোলে ৮৩ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান এক ওভারেই দুটি উইকেট নেন। অভিষিক্ত আলিস আল ইসলামও আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট পান। তবে শেষ দিকে বোলিংয়ে নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের ১৪তম ওভারে আসে ২৫ রান। রিশাদ হোসেনও শেষ দুই ওভারে দেন ৩৭ রান।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কোনো রান যোগ হওয়ার আগেই দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসানকে হারায় তারা। এরপর অধিনায়ক লিটন দাসও ০ রানে থুসারার বলে বোল্ড হলে ৯ রানেই তিন উইকেট হারায় বাংলাদেশ।
তাওহিদ হৃদয়কে ঘিরে কিছুটা আশার আলো থাকলেও তিনিও ৬ বলে ১১ রান করে ফিরে যান। এরপর পারভেজ হোসেন ও মেহেদী হাসান পরপর দুই বলে আউট হলে ৬৪ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের আগেই বাংলাদেশের ইনিংস থেমে যায় এবং ৬৩ রানের বড় ব্যবধানে হারের মাধ্যমে এশিয়ান গেমসের ক্রিকেট থেকে কোনো পদক ছাড়াই বিদায় নিতে হয় দলকে।
এর আগে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। ফলে ব্রোঞ্জের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ।
সময়ের আলো/টিকে