গ্রেনেডসদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক, পরে জানা গেল খেলনা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি বাড়ির টিনের চালের ওপর গ্রেনেডসদৃশ্য বস্তু দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে

2026-10-05T22:42:47+00:00
2026-10-05T22:42:47+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
গ্রেনেডসদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক, পরে জানা গেল খেলনা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:৪২ পিএম 
এন্টি টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল দল বস্তুটি উদ্ধার করে। ছবি : সংগৃহীত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি বাড়ির টিনের চালের ওপর গ্রেনেডসদৃশ্য বস্তু দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং পরে এন্টি টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল দল বস্তুটি উদ্ধার করে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, সেটি কোনো বিস্ফোরক নয়, বরং একটি চাইনিজ খেলনা গ্রেনেড।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা একটি টিনসেড বাড়ির চালের ওপর পরিত্যক্ত অবস্থায় বস্তুটি দেখতে পান। দেখতে অনেকটা গ্রেনেডের মতো হওয়ায় তারা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একই সঙ্গে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করে কাউকে বস্তুটির কাছাকাছি যেতে দেওয়া হয়নি।

পরে বিষয়টি এন্টি টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল দলকে জানানো হয়। বিকেল সাড়ে ৪টার দিকে বোম ডিসপোজাল দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে বস্তুটি উদ্ধার করেন।


কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো বাড়ির শিশুরা খেলতে গিয়ে খেলনা গ্রেনেডটি টিনের চালে ছুড়ে ফেলেছিল। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, এটি কোনো ধরনের বিস্ফোরক নয়।

তিনি আরও বলেন, বাস্তব গ্রেনেডের আদলে তৈরি এ ধরনের খেলনা শিশুদের হাতে না দেওয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা উচিত। কারণ এসব খেলনা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও বিভ্রান্তিকর পরিস্থিতির মুখে ফেলতে পারে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   গ্রেনেডসদৃশ্য বস্তু  আতঙ্ক  খেলনা  কেরানীগঞ্জ  ঢাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: