আগারগাঁওয়ের অ্যাকুয়ারিয়াম পার্ক

জীবন যখন যেমন ডেস্ক

ফিচার

ঢাকার ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর সুযোগ খুব বেশি নেই। তবে রাজধানীর আগারগাঁওয়ে নতুন একটি পার্ক

2026-10-06T04:24:23+00:00
2026-10-06T04:24:23+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
ফিচার
আগারগাঁওয়ের অ্যাকুয়ারিয়াম পার্ক
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:২৪ এএম 
আগারগাঁওয়ের অ্যাকুয়ারিয়াম পার্ক। ছবি : সময়ের আলো
ঢাকার ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর সুযোগ খুব বেশি নেই। তবে রাজধানীর আগারগাঁওয়ে নতুন একটি পার্ক সেই অভাব কিছুটা পূরণ করতে পারে। বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর ও আগারগাঁও মেট্রো স্টেশনের কাছেই গড়ে উঠেছে অ্যাকুয়ারিয়াম পার্ক। জলজ প্রাণী, রঙিন পাখি, কৃত্রিম পাহাড়, ঝরনা ও সবুজের সমন্বয়ে তৈরি এই পার্ক। পরিবার নিয়ে অবসর কাটানোর জন্য তৈরি করেছে ভিন্নধর্মী এক পরিবেশ।

পার্কে ঢুকলেই চোখে পড়বে নানা প্রজাতির মাছের সমারোহ। স্বচ্ছ কাচের ভেতর রঙিন মাছের চলাচল আর আলো-আঁধারির সাজসজ্জা তৈরি করে মুগ্ধকর এক জলজ জগৎ। রয়েছে গ্লাস টানেল অ্যাকুয়ারিয়ামও। ভবিষ্যতে এখানে হাঙর ও অক্টোপাসের মতো আরও আকর্ষণীয় সামুদ্রিক প্রাণী যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পার্কটির অন্যতম প্রধান আকর্ষণ বড় আকারের বার্ড অ্যাভিয়ারি। এখানে বাজরিগার, ককাটেল, কনিওর, ম্যাকাও, আমাজন টিয়া ও আফ্রিকান গ্রে প্যারোটসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক পাখি রয়েছে। পাখিশালার ভেতরে হাঁটলে মনে হবে যেন শহরের মাঝেই কোনো সবুজ অরণ্যে চলে এসেছেন। প্রশিক্ষিত ও শান্ত স্বভাবের কিছু পাখিকে দর্শনার্থীরা হাত থেকে খাবারও খাওয়াতে পারেন। কনিওর হাতে এসে বসে, আর আমাজন টিয়ার কৌতূহলী আচরণ ও শব্দ অনুকরণ শিশু-কিশোরদের বিশেষভাবে আকৃষ্ট করতে পারে। ম্যাকাও বা আফ্রিকান গ্রে প্যারোটকে হাতে কিংবা কাঁধে নিয়ে ছবি তোলার সুযোগও রয়েছে।

পার্কের আরেকটি চোখে পড়ার মতো আয়োজন কৃত্রিম পাহাড় ও ঝরনা। পাহাড় বেয়ে নেমে আসা পানির ধারা আর তার নিচের টানেল পার হওয়ার অভিজ্ঞতা দর্শনার্থীদের জন্য হতে পারে বেশ উপভোগ্য। এ ছাড়া তৈরি হচ্ছে স্বচ্ছ পানির কোই পুকুর, যা পার্কের শান্ত পরিবেশে যোগ করবে নতুন মাত্রা।

পার্কের প্রধান নির্বাহী আশরাফ সিদ্দিক রিজভী বলেন, ‘শুধু বিনোদন নয়, প্রাণীদের কল্যাণকেও গুরুত্ব দেওয়া হয়। প্রাণীদের উপযুক্ত পরিবেশ, আলো, ফিল্ট্রেশন ও পরিচর্যার দিকে বিশেষ নজর দেওয়া হয়। দর্শনার্থীদের জন্য অ্যাকুয়ারিয়ামের মাছের যত্ন বিষয়ে নিয়মিত ছোট পরিসরের কর্মশালারও আয়োজন করা হয়। শিশু ও বড়রা এতে বিনা খরচে অংশ নিতে পারেন।

শিশুদের জন্য পার্কে রয়েছে আলাদা আকর্ষণ। প্রবেশের পর তাদের দেওয়া হয় ইন্টার‌্যাকটিভ কুইজ, যা পুরো ঘোরাকে অনেকটা স্ক্যাভেঞ্জার হান্টের মতো করে তোলে। শেষে থাকে ব্যাজ ও স্টিকার পাওয়ার সুযোগ। গাইডেড ট্যুরের মাধ্যমে প্রাণী ও প্রকৃতি সম্পর্কেও জানার সুযোগ রয়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের আগ্রহ ধরে রাখতে নিয়মিত নতুন প্রদর্শনী যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে রাজধানীর ব্যস্ত জীবনে পরিবার নিয়ে কিছুটা সময় প্রকৃতির ছোঁয়ায় কাটাতে চাইলে আগারগাঁওয়ের এই পার্ক হতে পারে ভিন্নধর্মী একটি গন্তব্য। অ্যাকুরিয়াম পার্কে প্রবেশ করতে হলে প্রথমে বিমানবাহিনী জাদুঘরে প্রবেশের জন্য জনপ্রতি ৫০ টাকার টিকেট কাটতে হবে। এরপর জাদুঘরের ভেতরে অবস্থিত অ্যাকুরিয়াম পার্কে প্রবেশের জন্য আলাদাভাবে জনপ্রতি ১০০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে হবে। এ ছাড়া পাখিদের সঙ্গে ছবি তুলতে চাইলে অতিরিক্ত খরচ হবে ৫০ থেকে ১০০ টাকা।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   আগারগাঁওয়  অ্যাকুয়ারিয়াম পার্ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: