সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাবে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, সংগঠনটির নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী। এ বিষয়ে বাস্তবতা দেখতে দেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নাছির। এর আগে সালমান মুক্তাদির ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ বলে মন্তব্য করেছিলেন।
নাছির বলেন, সালমানের বক্তব্য থেকে মনে হয়েছে, দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে হয়তো তার পূর্ণাঙ্গ ধারণা নেই। বর্তমানে দেশের দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম চলছে। এসব প্রতিষ্ঠানে সংগঠনটির নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী বলে দাবি করেন তিনি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, গত ১৭ বছরের আন্দোলনে নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনেককে ক্লাসরুম ও পরীক্ষার হল থেকে ধরে নিয়ে নির্যাতন করে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি কারাগারে থাকা অবস্থায়ও ছাত্রদলের অনেক নেতাকর্মী পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষা ও রাজনৈতিক অধিকার রক্ষায় তাদের এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানেও ওয়াসিম আকরামসহ ছাত্রদলের অনেক নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণের বাস্তবতা তুলে ধরে।
সালমান মুক্তাদিরের উদ্দেশে নাছির বলেন, ‘আপনি আপনার পছন্দমতো বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসুন। আমাদের নিয়মিত শিক্ষার্থীরা আপনাকে স্বাগত জানাবে। তাদের সঙ্গে কথা বলুন, খোঁজ নিন, বাস্তবতা নিজ চোখে দেখুন। আশা করি, তখন আপনার ভুল ধারণার অবসান হবে এবং আপনি উপলব্ধি করবেন—ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থীদের সংখ্যাই সিংহভাগ।’
সময়ের আলো/এসএকে