জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন করতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে সাধারণ ও স্বল্পশিক্ষিত মানুষ একটি জন্মনিবন্ধন সনদ পেতে ইউনিয়ন পরিষদে দিনের পর দিন ঘুরেও সেবা পান না। এ অবস্থার পরিবর্তন করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সুবিধা-অসুবিধা দেখা।
মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং স্থানীয় সরকার বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, জাতীয় প্রশাসনের জন্য এ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশের প্রকৃত জনসংখ্যার সঙ্গে নিবন্ধন তথ্যভান্ডারের তথ্যের বড় ধরনের অসঙ্গতি রয়েছে। প্রায় ১৯ কোটি মানুষের দেশে নিবন্ধন ডাটাবেজে এর চেয়ে অনেক বেশি মানুষের তথ্য থাকা উদ্বেগজনক। এ অসঙ্গতি দূর করে নিবন্ধন ব্যবস্থাকে নির্ভুল ও বিশ্বাসযোগ্য করতে হবে।
তিনি বলেন, শুধু কম্পিউটার বা প্রযুক্তি দিয়ে জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। প্রযুক্তির পেছনে থাকা মানুষকেও দায়িত্বশীল হতে হবে। একটি সাধারণ জন্মসনদ নিতে কোনো নাগরিককে যেন ইউনিয়ন পরিষদে বারবার যেতে না হয়, তা নিশ্চিত করতে হবে।
নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহিতার প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীরা চাকরিতে প্রবেশের পর প্রায় ৩৫ থেকে ৪০ বছর দায়িত্ব পালন করেন। অন্যদিকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ পাঁচ বছর। এরপর আবার জনগণের মুখোমুখি হয়ে কাজের প্রমাণ দিয়ে নির্বাচিত হতে হয়। তাই জনপ্রতিনিধিদের কাজের গুরুত্ব ও জবাবদিহিতা অনেক বেশি।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন ঢাকার হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ড. মিখাল ক্রেজা এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জিলিয়ান মেলসপসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে