তীব্র গরমের সঙ্গে ইবাদতের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দুবাইয়ের কাঠফাটা গরমে ক্রিকেট খেলা এমনিতেই কঠিন। তার ওপর দিনের আলোয় পাঁচ দিনের টেস্ট। তাপমাত্রা অনুভূত হচ্ছে প্রায় ৪৫ ডিগ্রি

2026-10-06T23:15:47+00:00
2026-10-06T23:15:47+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
খেলা
তীব্র গরমের সঙ্গে ইবাদতের লড়াই
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:১৫ পিএম 
নিজের কিছু কৌশল ভাগ করে নিয়েছেন পেসার ইবাদত হোসেন। ছবি : সংগৃহীত
দুবাইয়ের কাঠফাটা গরমে ক্রিকেট খেলা এমনিতেই কঠিন। তার ওপর দিনের আলোয় পাঁচ দিনের টেস্ট। তাপমাত্রা অনুভূত হচ্ছে প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সংযুক্ত আরব আমিরাতে এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এবারই প্রথম দেশটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ফলে ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাও বাংলাদেশের জন্য বড় পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতিতে সতীর্থদের সঙ্গে নিজের কিছু কৌশল ভাগ করে নিয়েছেন পেসার ইবাদত হোসেন।

ইবাদতের মন্ত্র সহজ। ম্যাচের অন্তত দুই দিন আগে থেকেই শরীরকে প্রস্তুত করতে হবে। প্রচুর পানি ও তরল পান করতে হবে, বাড়াতে হবে ফল খাওয়ার পরিমাণ, সঙ্গে রাখতে হবে ডাবের পানি। শুধু তাই নয়, আমিরাতে পৌঁছে অনুশীলনের প্রথম দিন মাটিতে খালি পায়ে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা হাঁটার অভ্যাসও করেন তিনি।

‘আমি ম্যাচের দুই দিন আগে থেকেই প্রস্তুতি শুরু করি। শরীরকে হাইড্রেটেড রাখতে প্রচুর পানি ও বিভিন্ন ধরনের তরল পান করি। ডাবের পানি পান করি এবং বেশি করে ফল খাই,’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিওতে বলেছেন ইবাদত।

বাংলাদেশ এর আগে সংযুক্ত আরব আমিরাতে খেলেছে। তবে সেসব ম্যাচ ছিল ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি এবং সবই হয়েছে দিবারাত্রির হিসেবে। এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। দিনের সবচেয়ে উত্তপ্ত সময়ে মাঠে কাটাতে হবে ক্রিকেটারদের। তাই ইবাদতের মতে, আমিরাতের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করতে হবে সেখানে পৌঁছানোর পরই।

‘আগেই জেনে নেওয়া গুরুত্বপূর্ণ যে, এখানকার আর্দ্রতা ও তাপমাত্রা কেমন। এখানে আসার পর প্রথম দিনের অনুশীলনে আমি মাঠে খালি পায়ে প্রায় ৩০ মিনিট থেকে এক ঘণ্টা হাঁটি,’ বলেছেন তিনি।

খালি পায়ে হাঁটার কারণটাও ব্যাখ্যা করেছেন ইবাদত, ‘এতে মাটির সঙ্গে একটা সংযোগ তৈরি হয়। মানুষের শরীর ও মাটির মধ্যে সংযোগটা আরও ভালো হয়। ফলে শরীর দ্রুত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে। এখানে আসার পর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা খালি পায়ে মাটিতে হাঁটলে শরীর দ্রুত আবহাওয়া ও গরমের সঙ্গে মানিয়ে নিতে পারে।’ 

১ অক্টোবর দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। প্রথম কয়েক দিন আইসিসি একাডেমির মাঠে অনুশীলনের পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। ম্যাচটি ড্র হয়েছে। তবে ফলের চেয়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল দীর্ঘ সময় মাঠে থাকার সুযোগ এবং দুবাইয়ের তীব্র দিনের গরমের সঙ্গে সরাসরি মানিয়ে নেওয়া।

শুধু অনুশীলন কিংবা ম্যাচের সময় নয়, সারা দিনই শরীরে পানির ঘাটতি হতে দেওয়া যাবে না বলে মনে করেন ইবাদত। তার পরামর্শ, ‘আমি যতক্ষণ রুমে থাকি, প্রচুর পানি ও অন্য তরল পান করব। বিশেষ করে সকালের নাশতায় বেশি ফল খাওয়া, ডাবের পানি পান করা, বেশি করে তরমুজ খাওয়া এবং প্রচুর পানি পান করা, আমার মনে হয় এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

প্রস্তুতি ম্যাচে অবশ্য বাংলাদেশের ব্যাটিংয়ে কিছুটা হতাশা ছিল। প্রথম ইনিংসে ১০৮ রানের উদ্বোধনী জুটি পাওয়ার পরও ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। সৌম্য সরকার অপরাজিত ৫৭ রান করেন। সাদমান ইসলাম ৪৬, নাঈম হাসান ৩৬ এবং মুমিনুল হক ৩৩ রান করেন। ব্যাটিংয়ে ধস নামলেও বল হাতে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। রিজার্ভ পেসার ইকবাল হোসেন ইমন মাত্র ৬ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের লড়াইয়ের নেতৃত্ব দেন। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫৩.৫ ওভারে ২২২ রানে অলআউট হয় আমিরাত।

তাইজুল ইসলাম নেন ৩ উইকেট, খরচ করেন ৫৮ রান। ইবাদত ও খালেদ আহমেদ পান একটি করে উইকেট। আমিরাতের হয়ে একমাত্র উল্লেখযোগ্য প্রতিরোধ গড়েন মুহাম্মদ ওয়াসিম। ৭৬ বলে দ্রুত ৬৯ রান করেন তিনি।

ফলে প্রথম ইনিংসে ১২ রানের সামান্য লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দিনের খেলা শেষ হওয়ার আগে ২৬.৫ ওভারে ৩ উইকেটে ১১৪ রান করে তারা। ম্যাচে ইবাদত ৯ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে নেন একটি উইকেট। 

প্রস্তুতি ম্যাচের আসল উদ্দেশ্য ফল নয়, নিজেদের প্রস্তুত করা। ব্যাটিংয়ের ধস বাংলাদেশকে কিছু জায়গায় আরও কাজ করার বার্তা দিয়েছে, আর বোলারদের পাল্টা আঘাত দিয়েছে আশার আলো। তবে সবচেয়ে বড় প্রাপ্তি, দুবাইয়ের প্রচণ্ড গরমে দীর্ঘ সময় মাঠে থাকার বাস্তব অভিজ্ঞতা পেয়েছেন ক্রিকেটাররা।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   তীব্র গরম  ইবাদত  লড়াই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: