বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এর মধ্য দিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই গ্রুপের বড় তিনটি কোম্পানির পর্ষদে তার কোনো পদ রইল না। বিনিয়োগকারীদের স্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় কোম্পানি দুটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদের এই অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে ১০৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসির বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন কাঠামোয় সাত সদস্যবিশিষ্ট বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের পর্ষদ গঠিত হবে। উভয় কোম্পানির চেয়ারম্যান হিসেবে থাকছেন সালমান এফ রহমানের বড় ভাই এ এস এফ রহমান (আহমেদ সোহাইল ফসিহুর রহমান)। শাইনপুকুরের ব্যবস্থাপনা পরিচালক ও কে চৌধুরী (ওসমান কায়সার চৌধুরী) এখন থেকে বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করবেন। তবে তিনি শাইনপুকুরের পর্ষদে পরিচালক হিসেবে থাকবেন।
উভয় কোম্পানির পর্ষদেই স্পনসর গ্রুপের মনোনীত পরিচালক হিসেবে থাকছেন ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ।
করপোরেট গভর্ন্যান্স কোড ২০১৮ অনুযায়ী পর্ষদে স্বাধীন পরিচালক বা ইনডিপেনডেন্ট ডিরেক্টর রাখা হচ্ছে। বেক্সিমকোর আগের পর্ষদের একমাত্র স্বতন্ত্র পরিচালক ফাহিমুল হক বাদ পড়েছেন। নতুন পর্ষদে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শাহ মনজুরুল হক। এ ছাড়া কোম্পানিটিতে আরও একজন স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে শাইনপুকুর সিরামিকসেও দুজন স্বাধীন পরিচালক নিয়োগের কথা বলা হয়েছে।
তবে পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে বিএসইসি একটি শর্ত জুড়ে দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোম্পানিগুলো নিজেদের করা মামলা প্রত্যাহার করলে কমিশন এই অনাপত্তি প্রদান করবে। অর্থাৎ মামলা প্রত্যাহার করা হলে বিএসইসির তরফ থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এবং ২০২৬ সালের ১৫ জানুয়ারি জারি করা আদেশগুলো প্রত্যাহার করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে, গত সপ্তাহে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকেও সালমান এফ রহমানকে বাদ দিয়ে নতুন পর্ষদ গঠনের অনুমোদন দেয় বিএসইসি। সেখানেও চেয়ারম্যান হিসেবে এ এস এফ রহমানকে রাখা হয়। দীর্ঘদিনের পরিচালনাগত ও নিয়ন্ত্রক জটিলতা কাটিয়ে কোম্পানিগুলোর কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে গত সেপ্টেম্বরে সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো গ্রুপের এই তিন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের আবেদন করেছিল গ্রুপটি।
সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের সহপ্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে তিনি গ্রুপটির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন এবং বেক্সিমকোর তালিকাভুক্ত তিন কোম্পানিতেই ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। বিএসইসির নতুন এই সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত তিনটি কোম্পানিরই পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়া শেষ হলো।
সময়ের আলো/ইউএমএইচ