শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এ পদে তাকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) পশ্চিমবঙ্গ সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আইএএস সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যপালের অনুমোদনক্রমে মিঠুন চক্রবর্তীকে তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তির অনুলিপি মুখ্যমন্ত্রীর দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দফতর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
অভিনয়জগতের দীর্ঘদিনের পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী বিজেপির রাজনীতির সঙ্গেও যুক্ত। নতুন দায়িত্বের মধ্য দিয়ে এবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি সংক্রান্ত কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সরকারের এই নিয়োগ রাজনৈতিক ও সাংস্কৃতিক দুই অঙ্গনেই গুরুত্ব বহন করছে।
সময়ের আলো/এমকে