২০২৬ সালের ১৭ই নভেম্বর ওমানের মুসান্দাম উপদ্বীপের কাছে হরমুজ প্রণালীতে একটি এলপিজি ট্যাঙ্কারে আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত মার্কিন নৌ-অবরোধ ভেঙে তেলবাহী জাহাজ চলাচলের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির মূল তেল রপ্তানি টার্মিনাল খার্গ দ্বীপের কাছে অন্তত ১৪টি ট্যাংকার অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে। এসব জাহাজ অবরোধ অতিক্রমের চেষ্টা করলে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে। এতে নতুন করে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ছড়িয়ে পড়ার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তাও হুমকিতে পড়তে পারে।
এমন পরিস্থিতির মধ্যেই ওমান উপকূলের কাছে একাধিক তেলবাহী জাহাজে হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের নৌবাহিনী। তবে এ দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।
যুদ্ধ শুরুর আগের তুলনায় কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যে ৬৫ শতাংশ কমে গেছে। ফলে এই অচলাবস্থার প্রভাব শুধু ইরানের তেল রপ্তানিতে সীমাবদ্ধ নেই; বিশ্ব জ্বালানি সরবরাহ ও বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, মার্কিন অবরোধ ভাঙতে তার দেশ ‘প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ’ নেবে। তেহরান এই অবরোধকে যুদ্ধের শামিল বলে মনে করছে। একই দিন তিনি জানান, শুক্রবার ইরানে কাতারের একটি প্রতিনিধিদলের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক হয়েছে। অর্থাৎ উত্তেজনা বাড়লেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
এদিকে খার্গ দ্বীপের কাছে ১৪টির বেশি তেলবাহী ট্যাংকার অবস্থান করছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে জাহাজগুলোর নাবিকদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইরানের পতাকাও ওড়ানো হয়েছে।
ইরানের পরিকল্পনা কী?
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ভাহিদ আহমাদি বলেছেন, ১৪টি তেলবাহী ট্যাংকার মার্কিন অবরোধ চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তাহলে অন্যদেরও তা বিক্রি করতে দেওয়া উচিত নয়।’
ইরানের জাহাজে হামলা হলে আঞ্চলিক তেল স্থাপনাগুলোতে পাল্টা আঘাতের হুমকিও দিয়েছেন তিনি। সম্ভাব্য পদক্ষেপের মধ্যে সামরিক পাহারার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান আহমাদি। কাতার ও ওমানসহ আঞ্চলিক সরকারগুলোকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও তাঁর দাবি।
তবে কোন জাহাজগুলো অবরোধ অতিক্রমের চেষ্টা করবে, সেগুলোর গন্তব্য কোথায় কিংবা কখন এ চেষ্টা চালানো হবে, তা জানাননি তিনি। অভিযান শুরু হয়েছে—এমন কোনো স্বাধীন নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি।
অবরোধ ভাঙার ঝুঁকি নিচ্ছে কেন ইরান?
মার্কিন অবরোধের কারণে ইরানের তেল রফতানি কার্যত বাধাগ্রস্ত হচ্ছে। এতে দেশটি বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, আরও চাপে পড়ছে আগে থেকেই সংকটে থাকা অর্থনীতি।
পণ্যবাজারবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের হিসাবে, অবরোধের আওতায় থাকা এলাকায় ইরানের প্রায় ৪ কোটি ৩০ লাখ ব্যারেল তেল আটকে আছে। দেশটির প্রধান তেল রফতানি টার্মিনাল খার্গ দ্বীপের কাছে প্রায় ২০টি ট্যাংকারের অবস্থান শনাক্ত করা হয়েছে। এসব জাহাজের অধিকাংশ তেলবোঝাই হলেও চলাচল করছে না।
কেপলারের বিশ্লেষক হোমায়ুন ফালাকশাহি সতর্ক করেছেন, ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ ইরানের অবশিষ্ট তেল রপ্তানি থেকেও অর্থপ্রাপ্তি বন্ধ হয়ে যেতে পারে। এতে দেশটির মাসে ৩০০ কোটি থেকে ৬০০ কোটি ডলারের রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে।
তেল রফতানি কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার আয়ও সংকুচিত হচ্ছে। এতে সরকারি ব্যয়, আমদানি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সক্ষমতা আরও চাপে পড়ছে।
যুদ্ধের কারণে জ্বালানি অবকাঠামোর ক্ষতি ও জ্বালানির ঘাটতির কথা জানিয়ে শনিবার থেকে বিদ্যুৎ সরবরাহে পর্যায়ক্রমিক লোডশেডিংয়ের ঘোষণা দিয়েছে ইরান। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার থেকে কোনো কোনো এলাকায় দিনে দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকতে পারে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গ্যাস অবকাঠামোর ক্ষতি হওয়ায় শীতের আগে জ্বালানি সংকট আরও বেড়েছে। নিষেধাজ্ঞা, তেল রফতানিতে বিঘ্ন ও মার্কিন অবরোধের কারণে এমনিতেই চাপে থাকা অর্থনীতির ওপর এটি বাড়তি চাপ তৈরি করছে।
তেহরানের জন্য অবরোধ ভাঙার চেষ্টা তাই একদিকে অর্থনৈতিক প্রয়োজন, অন্যদিকে ওয়াশিংটনকে আলোচনায় ফেরানোর কৌশলও হতে পারে। তবে এ পদক্ষেপ নতুন সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি করছে।
মার্কিন নৌ-অবরোধ কীভাবে কাজ করে?
মার্কিন নৌ-অবরোধের লক্ষ্য হলো ইরানের বন্দরগুলোতে জাহাজের প্রবেশ ও বের হওয়া ঠেকানো। বিশেষ করে দেশটির তেল রফতানি সীমিত করে আয়ের গুরুত্বপূর্ণ উৎস বন্ধ করাই এর উদ্দেশ্য।
প্রতিবেদন অনুযায়ী, ১৩ এপ্রিল প্রথম অবরোধ আরোপ করা হয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার পর জুনে তা সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছিল। তবে সমঝোতা ভেঙে যাওয়ার পর ১৪ জুলাই আবার অবরোধ কার্যকর করা হয়।
অবরোধের আওতায় ইরানের কাছাকাছি জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। মার্কিন নির্দেশনা অনুযায়ী, অনুমতি ছাড়া ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা জাহাজ আটকানো, তল্লাশি, গতিপথ পরিবর্তনে বাধ্য করা কিংবা জব্দ করার ক্ষমতা রয়েছে তাদের।
গত ১৮ নভেম্বর মার্কিন সেন্ট্রাল কমান্ড বিধিনিষেধ আরও কঠোর করে। তারা সতর্ক করে জানায়, সমুদ্রে অন্য জাহাজের মাধ্যমে ইরানি পণ্য গ্রহণ করা জাহাজও আটক বা জব্দের মুখে পড়তে পারে।
নির্দেশ অমান্য করলে জাহাজগুলোর বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের ঝুঁকি রয়েছে। তবে এই অবরোধের আওতায় ইরানের বাইরের বন্দরে যাতায়াতকারী জাহাজের হরমুজ প্রণালি দিয়ে চলাচল নিষিদ্ধ নয়। যদিও সেগুলোও তল্লাশির মুখে পড়তে পারে।
মার্কিন যুদ্ধজাহাজ বাধা দিলে কী ঘটতে পারে?
ইরানের ট্যাংকারগুলো অবরোধ ভাঙার চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের সামনে মূলত তিনটি পথ থাকবে—জাহাজগুলোকে যেতে দেওয়া, ফিরিয়ে দেওয়া অথবা কঠোর ব্যবস্থা নিয়ে সেগুলো আটকানো।
জাহাজগুলোকে যেতে দিলে মার্কিন অবরোধের কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। অন্যদিকে বাধা দিলে মুখোমুখি অবস্থানের ঝুঁকি তৈরি হবে, বিশেষ করে ইরানের নৌবাহিনী ট্যাংকারগুলোকে পাহারা দিলে।
সবচেয়ে বড় বিপদ তৈরি হবে যদি দুই পক্ষের কেউ গুলি চালায়। ইরানি কর্মকর্তারা আগেই হুঁশিয়ারি দিয়েছেন, তাদের ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যের অন্য অঞ্চলের তেল স্থাপনায় পাল্টা আঘাত হানতে পারে তেহরান। এতে উপসাগরীয় দেশগুলোও সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তবে মার্কিন বাহিনীর কোনো জাহাজ আটকানোর চেষ্টা করলেই যে যুদ্ধ শুরু হবে, তা নয়। পরিস্থিতি কোন দিকে যাবে, তা নির্ভর করবে দুই পক্ষ সংঘাত বাড়ায়, নাকি পিছু হটে।
ট্যাংকারে হামলায় কেন বাড়ছে উদ্বেগ?
জাহাজ চলাচলের ঝুঁকি এখন আর আশঙ্কার মধ্যে সীমাবদ্ধ নেই। শনিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) ওমানের খাসাব বন্দরের কাছে দুটি ট্যাংকারে হামলার খবর জানিয়েছে। একটি বন্দরের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে এবং অন্যটি ১৭ নটিক্যাল মাইল পূর্বে হামলার শিকার হয়। অজ্ঞাত বস্তু দিয়ে জাহাজ দুটিতে আঘাত করা হয়েছে বলে জানা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাগুলো দুটি পৃথক জাহাজে ঘটেছে কি না, তা স্পষ্ট নয়।
অন্যদিকে ইরানের নৌবাহিনী দাবি করেছে, হরমুজের পূর্বদিকে একটি নিষিদ্ধ এলাকায় নৌমাইনে আঘাত লেগে একটি ট্যাংকারে আগুন ধরে যায়। তেহরানের ভাষ্য, জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করেছিল এবং নিজের পরিচিতি ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল। তবে ইরানের এই দাবির সঙ্গে ইউকেএমটিওর জানানো কোনো ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগের দিন শুক্রবারও খাসাবের কাছে একটি ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটে। আল-জাজিরা ইরানের সামরিক বাহিনীর বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, গত এক সপ্তাহে ট্যাংকারে প্রায় ২৫টি হামলার ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় তিনটি। তবে এই সংখ্যারও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।
এদিকে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা করছে ইরান। দেশটির দাবি, জাহাজগুলোকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত পথ অনুসরণ করতে হবে। আল-জাজিরার উদ্ধৃত ইরানি সামরিক বিবৃতি অনুযায়ী, নির্দেশনা না মানলে জাহাজগুলো হামলা কিংবা নৌমাইনের ঝুঁকিতে পড়তে পারে।
এসব হুঁশিয়ারি থেকে ধারণা করা হচ্ছে, মার্কিন অবরোধ চ্যালেঞ্জ করার পাশাপাশি বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপরও নিজেদের শর্ত চাপিয়ে দিতে চাইছে তেহরান।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কতটা প্রভাব পড়েছে?
ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৬৫ শতাংশ কম ছিল। ওই সপ্তাহে প্রণালিটি দিয়ে ২৬৩টি জাহাজ চলাচল করেছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৩০৮। এর মধ্যে ১১৫টি জাহাজ প্রণালি ছেড়ে গেছে এবং ১৪৮টি প্রবেশ করেছে।
ওই সপ্তাহে ট্যাংকারে হামলার ছয়টি ঘটনা নথিভুক্ত করেছে ইউকেএমটিও। এর মধ্যে চারটি হরমুজ প্রণালির ভেতরে এবং দুটি আরব উপসাগরের অন্য এলাকায় ঘটেছে। ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে প্রণালিতে মোট ১০৬টি ঘটনার তথ্যও নথিভুক্ত করেছে সংস্থাটি।
এই পরিসংখ্যান বলছে, হামলার ঝুঁকি অব্যাহত থাকায় স্বাভাবিক জাহাজ চলাচল ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছে। এতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বাড়ছে।
আলোচনায় চাপ তৈরির কৌশল কি ট্যাংকার পাঠানোর হুমকি?
এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কাতারের মধ্যস্থতায় কূটনৈতিক যোগাযোগ চললেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি। অবরোধ ভাঙতে ট্যাংকার পাঠানোর প্রস্তুতি নিয়ে তেহরান হয়তো ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে চাইছে, যাতে অবরোধ শিথিল করার বিষয়ে আলোচনা শুরু হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টা চালানোর পাশাপাশি তেল রপ্তানিও অব্যাহত রাখবে তাঁর দেশ।
অন্যদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান শনিবার বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার চেয়ে অর্থনৈতিক সংঘাত মোকাবিলা করা ইরানের জন্য কঠিন। তাঁর বক্তব্যে জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ শিল্পের ওপর চাপের বিষয়টি উঠে এসেছে।
উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি মার্কিন অবরোধকে ‘যুদ্ধের শামিল’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে কাতারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের কথাও নিশ্চিত করেছেন।
অর্থাৎ তেহরান একই সঙ্গে দুটি পথে এগোচ্ছে—কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা এবং অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে এর পরিণতি যে আঞ্চলিক পর্যায়েও ছড়িয়ে পড়তে পারে, সেই বার্তা দেওয়া।
নতুন করে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা কতটা?
নতুন করে সামরিক সংঘাত শুরুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে ইরানের ওপর আবারও হামলার বিষয়ে ওয়াশিংটন ও ইসরায়েল বিবেচনা করছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো সামরিক অভিযান অনুমোদন করেছেন—এমন ইঙ্গিত দেননি।
অবরোধ কার্যকর রাখা, কিন্তু একই সঙ্গে বড় সংঘাত এড়িয়ে চলা—ওয়াশিংটনের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। অন্যদিকে অবরোধ চলতে দিলে ইরানের অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে। আর সামরিকভাবে তা ভাঙার চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের আরও কঠোর জবাবের মুখে পড়তে পারে তেহরান।
উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ, এই উত্তেজনা আবারও আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।
তাৎক্ষণিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে ইরানের ট্যাংকারগুলো অবরোধের কাছাকাছি পৌঁছালে কী ঘটে। মার্কিন যুদ্ধজাহাজ সেগুলোকে যেতে দেবে, ফিরিয়ে দেবে, নাকি আটকানোর চেষ্টা করবে—তার ওপর নির্ভর করতে পারে এই অচলাবস্থা কেবল অর্থনৈতিক চাপের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি নতুন করে সামরিক সংঘাতে রূপ নেবে।
সূত্র : মিডিল ইস্ট আই
সময়ের আলো/জেডি