যুক্তরাষ্ট্র-ইরানের যাঁতাকলে ইরাকি কুর্দিস্তান, বাড়ছে সংকট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের প্রভাব ক্রমেই ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে। এর সরাসরি ধাক্কা সামলাতে হচ্ছে ইরাকের আধা স্বায়ত্তশাসিত

2026-11-22T08:20:51+00:00
2026-11-22T08:20:51+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইরানের যাঁতাকলে ইরাকি কুর্দিস্তান, বাড়ছে সংকট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:২০ এএম 
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলায়মানিয়াহ শহরের একটি বাজার। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের প্রভাব ক্রমেই ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে। এর সরাসরি ধাক্কা সামলাতে হচ্ছে ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলকে। বিশেষ করে ইরানের সীমান্তঘেঁষা শহর সুলায়মানিয়াহ পড়েছে অর্থনৈতিক চাপ ও ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যে। একদিকে যুদ্ধের কারণে ব্যাহত হচ্ছে সীমান্ত বাণিজ্য, বাড়ছে নিত্যপণ্যের দাম; অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে কঠিন রাজনৈতিক অবস্থানে পড়েছে কুর্দি নেতৃত্ব।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

যুদ্ধের ধাক্কায় বিপর্যস্ত বাণিজ্য

সুলায়মানিয়াহর ৩০ বছর বয়সী ব্যবসায়ী বারান (ছদ্মনাম) ইরাক থেকে ডিজেল কিনে ইরান হয়ে আফগানিস্তানে বিক্রি করেন। তার হিসাবে, ইরাকে ২০ হাজার ডলারের ডিজেলবোঝাই একটি ট্রাক কাবুলে বিক্রি করা যায় প্রায় ২৪ হাজার ডলারে। খরচ বাদে ব্যবসায়ীর হাতে থাকে প্রায় ২ হাজার ডলার।

কিন্তু যুদ্ধের কারণে এই ব্যবসা এখন কঠিন হয়ে পড়েছে। বারান বলেন, যাতায়াতের পথ আগের চেয়ে বিপজ্জনক হয়েছে, ট্রাকচালক পাওয়া কঠিন হচ্ছে, সীমান্ত পারাপারও অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি ডিজেলের দামও বেড়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি তার কোনো রাজনৈতিক বিরোধিতা নেই। বরং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়ে সাদ্দাম হোসেনের পতন এবং কুর্দিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তাকে ইতিবাচকভাবে দেখেন তিনি। তবে চলমান যুদ্ধ ব্যবসা ও স্থানীয় অর্থনীতির জন্য ভালো কিছু বয়ে আনেনি।

সুলায়মানিয়াহর অর্থনৈতিক বাস্তবতারই প্রতিচ্ছবি বারানের এই অভিজ্ঞতা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলা শুরুর পরিবর্তে দেশটির অর্থনীতি চাপে ফেলার কৌশল নিয়েছেন। নৌ অবরোধের পাশাপাশি তুরস্ক, ইরাক ও পাকিস্তানের মতো দেশগুলোকে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধের জন্য চাপ দিচ্ছে ওয়াশিংটন। চলতি মাসের শুরুতে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য অবরোধে একটি টাস্কফোর্স গঠনের ঘোষণাও দেয় যুক্তরাষ্ট্র।

বাজারে পণ্যের দাম বেড়েছে ২০০ শতাংশ পর্যন্ত

জাগরোস পর্বতমালার কোলে অবস্থিত সুলায়মানিয়াহ ইরাকি কুর্দিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর। শহরটির প্রাণকেন্দ্র বিশাল বাজার। সেখানে প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায়। তবে বাজারের ব্যস্ততা ও পণ্যের সমারোহের আড়ালে অর্থনৈতিক সংকট ক্রমেই গভীর হচ্ছে।

শহরের ২৮ বছর বয়সী বাসিন্দা ইভিন জানান, অধিকাংশ মানুষের জন্য খাদ্যপণ্যের দাম এখন অসহনীয় হয়ে উঠেছে। কিছু পণ্যের দাম বেড়েছে ২০০ শতাংশ পর্যন্ত। আগে ইরান থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করা হলেও এখন সেই সরবরাহ কমে গেছে।

যুদ্ধ শুরুর পর একটি নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনাও পিছিয়ে দিতে হয়েছে শহরের আরেক তরুণ পেশাজীবীকে। তার ভাষ্য, যুদ্ধ শুরুর আগে যে ল্যাপটপের দাম ছিল ৬০০ ডলার, এখন সেটির দাম বেড়ে হয়েছে ৮০০ ডলার।

কর ও পরিবহনব্যবস্থার কারণে চীনের সঙ্গে সুলায়মানিয়াহর সবচেয়ে প্রতিযোগিতামূলক বাণিজ্যপথও ইরানের মধ্য দিয়ে গেছে। ইরানের সীমান্তবর্তী একাধিক স্থলবন্দর ব্যবহার করে পণ্য আনা তুলনামূলক সহজ। অন্যদিকে বসরার বন্দর অনেক দূরে। তুরস্কের পথ ব্যবহার করলে করের পরিমাণও বেশি পড়ে।

মধ্যপ্রাচ্য গবেষণা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডলাওয়ার আলাআলদিন বলেন, ইরাকের কুর্দিস্তানের স্থানীয় অর্থনীতিতে ইরানের সঙ্গে বাণিজ্যের বড় ভূমিকা রয়েছে।

আগেই দুর্বল ছিল অর্থনীতি, যুদ্ধ বাড়িয়েছে সংকট

ইরাকের কুর্দিস্তান অঞ্চল দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে রয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তির কারণে অঞ্চলটির ওপর তুরস্ক ও ইরানের মতো প্রতিবেশী শক্তির প্রভাব বাড়ার আশঙ্কাও রয়েছে। উপসাগরীয় আরব দেশগুলোর মতো বড় আর্থিক সক্ষমতা না থাকায় বাইরের সংকট মোকাবিলার সামর্থ্যও সীমিত।

ইরাকের কেন্দ্রীয় বাজেটের প্রায় ১৫ শতাংশ পাওয়ার কথা কুর্দিস্তান অঞ্চলের। দেশটির মোট রাজস্বের ৯০ শতাংশের বেশি আসে তেল থেকে। চলতি মাসে ২০১৯ সালের পর সর্বোচ্চ পরিমাণ তেল রপ্তানি করেছে ইরাক। কিন্তু কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) কাছে কেন্দ্রীয় সরকারের অর্থ ছাড়ে বিলম্ব হচ্ছে।

ফলে সরকারি কর্মচারীরা মাসের পর মাস দেরিতে বেতন পাচ্ছেন। এর ওপর ইরান যুদ্ধের কারণে পণ্য সরবরাহ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

মধ্যপ্রাচ্য গবেষণা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট আলাআলদিন বলেন, সুলায়মানিয়াহর অর্থনীতি আগে থেকেই সীমিত সক্ষমতার ওপর টিকে ছিল। সীমান্ত বাণিজ্য, স্থানীয় ব্যবসা, দৈনিক শ্রম এবং ইরান থেকে আসা পণ্যের ওপর শহরটির অর্থনীতি অনেকটাই নির্ভরশীল।

তার মতে, যুদ্ধ নতুন করে এই দুর্বলতা তৈরি করেনি, বরং বিদ্যমান দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং যুক্তরাষ্ট্রের চাপে ইরানের সঙ্গে ইরাকের অধিকাংশ সীমান্তপথ বন্ধ হয়ে যাওয়ায় সুলায়মানিয়াহতে পণ্যের দাম ও সরবরাহে সরাসরি প্রভাব পড়েছে। ইরানের সঙ্গে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেলে শহরটির বিকল্প পথও সীমিত হয়ে পড়বে।

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বন্দ্বে কঠিন অবস্থানে কুর্দি নেতৃত্ব

ইরাকের কুর্দিস্তান অঞ্চল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর দেশটির কুর্দিরা ব্যাপক স্বায়ত্তশাসন লাভ করে। গত দুই দশকের বেশি সময় ধরে কুর্দি সশস্ত্র বাহিনী পেশমার্গা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করেছে। বিশেষ করে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

এ ছাড়া ইরাকি কুর্দিস্তানে ইরানবিরোধী কয়েকটি কুর্দি গোষ্ঠীর অবস্থান রয়েছে, যাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন দিয়ে থাকে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার সিদ্ধান্ত নেওয়ার পর ইরানের বিরুদ্ধে কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

কুর্দিস্তান অঞ্চলের রাজনীতি মূলত দুটি প্রভাবশালী পরিবারের নিয়ন্ত্রণে। এরবিলভিত্তিক কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) নেতৃত্বে রয়েছে বারজানি পরিবার। অন্যদিকে সুলায়মানিয়াহভিত্তিক প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের (পিইউকে) নেতৃত্বে রয়েছে তালাবানি পরিবার।

১৯৯০-এর দশকে কুর্দিদের গৃহযুদ্ধের সময় পিইউকে ইরানের এবং কেডিপি তুরস্কের সমর্থন পেয়েছিল। ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক সম্পর্কের কারণে সুলায়মানিয়াহকে এখনো ইরানের ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়।

তবে বাস্তবে কেডিপি ও পিইউকে—দুই দলই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ওয়াশিংটনে প্রভাব বাড়ানোর চেষ্টায় পিইউকে কিছুটা বেশি সক্রিয় ছিল বলে জানিয়েছেন সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকায় দলটির ভূখণ্ড কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ।

দুই দলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বও তীব্র হয়েছে। গত নভেম্বরে পিইউকে আঞ্চলিক পার্লামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। সুলায়মানিয়াহর এক অনুষ্ঠানে দলটির নেতা বাফেল তালাবানি বলেন, কুর্দিস্তান অঞ্চল কার্যত দুটি সরকার ও দুটি প্রশাসনের বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে।

তবে শেষ পর্যন্ত কেডিপি কিংবা পিইউকে কেউই যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিকল্পনায় যোগ দেয়নি। অনেক কুর্দি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

মধ্যপ্রাচ্য গবেষণা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট আলাআলদিনের মতে, কুর্দিস্তানের পক্ষে এই যুদ্ধে জড়িয়ে পড়া ঠিক হতো না। কারণ, তেহরানের পতন ঘটলেও তা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে হওয়ার সম্ভাবনা কম। বরং ইরানের কুর্দি অধ্যুষিত সীমান্ত এলাকায় শরণার্থী, সশস্ত্র গোষ্ঠী, ক্ষমতার শূন্যতা এবং নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত তৈরি হতে পারত।

ইরানের চাপ, যুক্তরাষ্ট্রের সমর্থন—দুই দিকেই ঝুঁকি

সুলায়মানিয়াহর নেতা বাফেল তালাবানি এখন ইরাকের শাসক শিয়া কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্কের সদস্যদের সঙ্গে সম্পর্ক জোরদার করছেন। এই জোটের সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর মাধ্যমে কুর্দিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী কেডিপির বিরুদ্ধে অবস্থান শক্ত করার চেষ্টা করছেন তিনি।

অন্যদিকে, সামরিক দিক থেকেও কুর্দিস্তান অঞ্চল ঝুঁকিতে রয়েছে। তাদের নিজস্ব শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নেই। গত সেপ্টেম্বরে এরবিল থেকে সর্বশেষ মার্কিন সেনারা চলে যাওয়ার মধ্য দিয়ে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। এর আগে যুদ্ধ চলাকালে অঞ্চলটি ইরানের শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছিল।

আঙ্কারার সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ওরাল তোগার মতে, বাফেল তালাবানি উচ্চাকাঙ্ক্ষী ও বাস্তববাদী নেতা। তিনি সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চান। কিন্তু তার অবস্থান অত্যন্ত কঠিন। তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন চান, অথচ ইরান সুলায়মানিয়াহকে নিজেদের প্রভাববলয়ের অংশ মনে করে।

চলতি মাসের শুরুতে সুলায়মানিয়াহতে আয়োজিত এক কৌশলগত ফোরামে পিইউকে নেতারা ইরানের সঙ্গে সংলাপ ও অংশীদারত্বের আগ্রহ প্রকাশ করেন। বাফেল তালাবানি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরান আরও শক্তিশালী হয়েছে, তবে আগের মতো নেই। একই সঙ্গে ইরানকে ‘উন্মাদ ধর্মীয় নেতাদের’ দেশ হিসেবে চিহ্নিত করার সমালোচনা করেন তিনি।

ইরান সফরের অভিজ্ঞতা তুলে ধরে তালাবানি জানান, দেশটির পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দেওয়া মূল্যায়নের সঙ্গে তার অভিজ্ঞতার মিল নেই। তিনি বলেন, ইরানে গিয়ে তার মনে হয়েছে তিনি লন্ডনে রয়েছেন। কারণ, সেখানে অর্ধেকেরও কম নারী ও তরুণীর মাথায় স্কার্ফ ছিল এবং রেস্তোরাঁগুলো তরুণদের উপস্থিতিতে সরগরম ছিল।


এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সেপ্টেম্বরে এক বৈঠকে বাফেল তালাবানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইরাকের কুর্দিস্তানকে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড বা হুমকির আশ্রয়স্থল হতে দেওয়া হবে না।

স্বাধীন মধ্যপ্রাচ্য বিশ্লেষক সারহাং হামাসাঈদের মতে, বর্তমানে কৌশলগতভাবে ইরানকে এগিয়ে থাকা শক্তি হিসেবে দেখছে অঞ্চলটির অনেক দেশ। শুধু ইরাকি কুর্দিস্তান নয়, উপসাগরীয় দেশগুলোও ইরানের প্রতিক্রিয়া এড়িয়ে চলতে চায়।

তবে তার মতে, এই সংঘাতে ইরান প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয়টি খুব একটা বিবেচনায় নিচ্ছে না। ইরাক দীর্ঘদিন ধরে ইরানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হিসেবে কাজ করলেও হরমুজ প্রণালি দিয়ে ইরাকি পণ্য রপ্তানির বিষয়টি ইরান বিবেচনায় নেয়নি।

যুদ্ধ আবার শুরু হলে আরও বিপদে সুলায়মানিয়াহ

ইরানের সঙ্গে স্থলসীমান্ত থাকায় যুদ্ধ আবার শুরু হলে সুলায়মানিয়াহর ওপর পাল্টা আঘাতের ঝুঁকি আরও বাড়বে। হামাসাঈদ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বর্তমান যুদ্ধের অনেক আগে থেকেই ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে ইরাকের কুর্দিরা। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ার আশঙ্কা তারা ভালোভাবেই জানে।

তার ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কুর্দিদের ইরানকেই বেশি সন্তুষ্ট রাখার প্রয়োজন। কারণ, ডোনাল্ড ট্রাম্প তাদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাবেন না, কিন্তু ইরান তা করতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা না থাকলেও ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির কারণে অঞ্চলটি বিপদে পড়তে পারে। সুলায়মানিয়াহর অনেক বাসিন্দার আশঙ্কা, ইরানের সরকার পতন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে।

চলতি মাসে একটি রেডিও অনুষ্ঠানে ট্রাম্প নিজেও বলেছেন, তার মেয়াদ শেষে ইরানে ইসলামি প্রজাতন্ত্রের সরকার ক্ষমতায় থাকলে সেটিকে তিনি নিজের পরাজয় হিসেবে দেখবেন।

সুলায়মানিয়াহর এক কুর্দি কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, শহরটির জন্য সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হবে সীমান্তের ওপারে একটি ব্যর্থ রাষ্ট্রের উদ্ভব। তাদের প্রয়োজন স্থিতিশীলতা। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইরান  যাঁতাকল  ইরাক  কুর্দিস্তান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: