প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৩১ এএম
ছবি : সংগৃহীত যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে অর্থনৈতিক চাপ তৈরি হলেও ইরানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুত আগের বছরগুলোর তুলনায় বেশি রয়েছে বলে জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি।
শনিবার (২১ নভেম্বর) টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চাল, গমসহ মৌলিক খাদ্যপণ্য এবং পশুখাদ্যের মজুত আগের বছরগুলোর তুলনায় বেড়েছে। এমনকি কোনো সংকট না থাকা স্বাভাবিক সময়ের চেয়েও বর্তমানে এসব পণ্যের মজুত বেশি।
নুরি বলেন, ‘দেশের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখা এবং মজুত শক্তিশালী করতে পরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলেই এটি সম্ভব হয়েছে।’
রুটির রেশনিং কিংবা দাম বাড়ানোর সম্ভাবনা নিয়েও উদ্বেগের অবকাশ নেই বলে জানান তিনি। কৃষিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত রুটি রেশনিং বা এর দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভর্তুকির আওতায় থাকা বেকারিগুলোতে ব্যবহৃত গম ও আটার দামও অপরিবর্তিত রয়েছে।
যুদ্ধের কারণে কৃষি উৎপাদনে প্রভাব পড়ার বিষয়ে নুরি বলেন, বিদ্যমান নানা সংকট সত্ত্বেও দেশের অর্থনৈতিক ও উৎপাদন কার্যক্রম বন্ধ হয়নি।
তিনি জানান, জ্বালানি অবকাঠামো নিয়ে ঝুঁকি ও হুমকি থাকা সত্ত্বেও পোলট্রি খাতের উৎপাদনকারীরা কার্যক্রম চালিয়ে গেছেন। এর ফলে মুরগির মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি আমদানিকারক থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে ইরান।
কৃষিমন্ত্রীর তথ্য অনুযায়ী, দেশটির কৃষি খাতে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এবং এ খাতে প্রায় ৭০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
সময়ের আলো/জেডি