মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এতে যুদ্ধবিমানটির পাইলটকে জরুরি

2026-11-21T21:30:10+00:00
2026-11-21T21:30:10+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:৩০ পিএম 
এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এতে যুদ্ধবিমানটির পাইলটকে জরুরি অবতরণ করতে হয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে ইরানের এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে পারস্য উপসাগরের আকাশে এ ঘটনা ঘটে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই এ দাবি সামনে এল। 

ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পারস্য উপসাগরের আকাশে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান শনাক্ত করে। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার নিয়ন্ত্রণে থাকা ইউনিটগুলো বিমানটির গতিবিধি অনুসরণ করে।

একপর্যায়ে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানের কাছাকাছি বিস্ফোরিত হয় এবং এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছে ইরান। এর ফলে পাইলটকে অভিযান বাতিল করে ওই অঞ্চলের কাছাকাছি একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে হয়। তবে কোন বিমানঘাঁটিতে বিমানটি অবতরণ করেছে, তা জানায়নি ইরানের সেনাবাহিনী।

ইরানের এ দাবিকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আগের দিন ইরান কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক যুদ্ধবিমান নিরাপদ রয়েছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।


এদিকে, হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত, অনুসরণ ও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এ নিয়ে ইরানের দাবি অনুযায়ী, এখন পর্যন্ত ৫৮টি মার্কিন ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর মধ্যে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করেছেন বাহিনীটির প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি। ভূগর্ভস্থ ওই স্থাপনাটি আইআরজিসির ক্ষেপণাস্ত্র শহরগুলোর একটি বলে জানানো হয়েছে।

হরমুজ প্রণালিকে ঘিরে পাল্টাপাল্টি হামলা ও দাবি-পাল্টা দাবির মধ্যে সর্বশেষ এ ঘটনা দুই দেশের সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান  ক্ষেপণাস্ত্র  হামলা  ইরান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: