হরমুজে ট্যাংকারে আগুন, মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। একটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত হানার পর আগুন ধরে যায় বলে দাবি

2026-11-21T19:43:12+00:00
2026-11-21T19:43:12+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে ট্যাংকারে আগুন, মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ পিএম 
পুরোনো ছবি।
হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। একটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত হানার পর আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী। একই সঙ্গে কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তেহরান। এর মধ্যে ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধিতা করেছে দেশটির কৌশলগত মিত্র চীন ও রাশিয়া—এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির পূর্বদিকে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশের পর তেলবাহী ট্যাংকারটি সামুদ্রিক মাইনে আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

ইরানের দাবি, ট্যাংকারটি নিজস্ব পরিচয় শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল। এ সময় জাহাজটিকে সতর্ক করা হয়েছিল এবং সমুদ্রপথে চলাচলের নিয়মও লঙ্ঘন করা হয়েছিল।

এর আগে শনিবার হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকার অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছিল ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। তবে এ ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত করা হয়নি।

এদিকে হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ দাবি জানানো হয়। তবে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর কয়েক দিন আগে, মঙ্গলবার কেশম দ্বীপে ইরানের একটি ক্ষেপণাস্ত্র স্থাপনায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান হামলা চালিয়েছিল বলে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা।


অন্যদিকে, ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিষয়ে দেশটির অভ্যন্তরে আলোচনা ও দাবি জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে চীন ও রাশিয়া এ ধরনের পরিবর্তনের বিরোধিতা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, বিষয়টি ব্যাপক ও গুরুত্বপূর্ণ। এ নিয়ে ইরানের ভেতরে যেমন সমর্থক রয়েছেন, তেমনি বিরোধিতাকারীও আছেন। তিনি বলেন, ‘রাশিয়া ও চীনও আমাদের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী।’

ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে। আরাঘচি আরও বলেন, এখন পর্যন্ত ইরানের পরমাণু নীতিতে কোনো পরিবর্তন আসেনি এবং এ বিষয়ে দেশটির সরকারি অবস্থান আগের মতোই রয়েছে।

হরমুজ প্রণালিতে একের পর এক সামরিক ও সামুদ্রিক ঘটনার পাশাপাশি ইরানের পরমাণু নীতি নিয়ে এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হরমুজ  ট্যাংকারে আগুন  মার্কিন ড্রোন  ভূপাতিত  ইরান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: