কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীতইরাকের একটি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ক্লাস থেকে পুরুষ অধ্যাপকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এ সিদ্ধান্তের কারণে স্নাতক পর্যায়ের প্রকল্প ও গবেষণার কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে, এ পদক্ষেপের মধ্য দিয়ে ইরাক ক্রমেই তালেবানশাসিত আফগানিস্তানের মতো নারী-পুরুষের পৃথকীকরণের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন অধিকারকর্মীরা ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইরাকের দক্ষিণাঞ্চলের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ চলছে। এতে প্রায় ৪০০ নারী শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের দাবি, আগের মতো পুরুষ অধ্যাপকদের তাঁদের ক্লাসে পাঠদান ও গবেষণার তত্ত্বাবধানের সুযোগ দিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নারী শিক্ষার্থীদের পরিবারের অনুরোধে নারী-পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, এ সিদ্ধান্ত তাদের শিক্ষাজীবনে বড় ধরনের সমস্যা তৈরি করেছে। বিশেষ করে স্নাতক পর্যায়ের গবেষণা ও সমাপনী প্রকল্পের কাজ মাঝপথে থাকায় নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ করা হলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা কঠিন হয়ে পড়বে।
শিক্ষার্থীদের অভিযোগ, সিদ্ধান্তের বিরোধিতা করলে বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা তাদের পড়াশোনা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইরাকি-ব্রিটিশ নারীবাদী গবেষক বালসাম মুস্তাফা দ্য গার্ডিয়ানকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এমনভাবে বিবেচনা করেছে, যেন তারা অপ্রাপ্তবয়স্ক এবং নিজেদের শিক্ষাজীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর অধিকার তাদের নেই।
ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী-পুরুষের পৃথকীকরণ নিয়ে এ বিতর্কের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতির তুলনা করছেন অধিকারকর্মীরা। দেশটিতে তালেবান সরকার নারী ও মেয়েদের শিক্ষার ওপর আরও ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে।
২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ করে তালেবান। পরে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর তথ্য অনুযায়ী, আফগানিস্তানই বিশ্বের একমাত্র দেশ, যেখানে মেয়েদের ও নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা গ্রহণ আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ।
সংস্থাটির হিসাব অনুযায়ী, আফগানিস্তানে প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। নারী ও মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষার ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে এবং নিঃশর্তভাবে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনেসকো।
সময়ের আলো/জেডি