প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম
জাপানে ২ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল মজুত করতে যাচ্ছে সৌদি আরব। ছবি : সংগৃহীত জাপানে ২ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল মজুত করতে যাচ্ছে সৌদি আরব। এর মধ্যে অন্তত ৮০ লাখ ব্যারেল তেল কিনবে জাপান। গত ৯ নভেম্বর সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়ার মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়। ওই বৈঠকের আলোচনার ভিত্তিতে গতকাল এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করে রিয়াদ ও টোকিও।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। যুদ্ধের আগে ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি দিয়ে বিশ্বের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ তেল ও জ্বালানিপণ্য পরিবহন করা হতো। অপরিশোধিত তেল আমদানির জন্য জাপানও অনেকাংশে এই প্রণালির ওপর নির্ভরশীল।
হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকা এবং এর ফলে বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কায় গত মে মাস থেকে জাপানের সঙ্গে জ্বালানি মজুতের বিষয়ে আলোচনা চালিয়ে আসছিল সৌদি আরব। সাম্প্রতিক চুক্তিটি সেই আলোচনারই ফল।
সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতও জাপানে উল্লেখযোগ্য পরিমাণ তেল রপ্তানি করে। জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, যৌথ মজুত ব্যবস্থার আওতায় সৌদি আরবের পাশাপাশি এই দুই দেশও জাপানে তেল সংরক্ষণ করতে পারবে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের কোম্পানিগুলো জাপানে তেল সংরক্ষণের জন্য স্টোরেজ ট্যাংক ভাড়া নেয়। এসব ট্যাংক এশিয়ার বাজারে তেল সরবরাহ ও মজুতের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যৌথ মজুত চুক্তির আওতায় জরুরি পরিস্থিতিতে সংরক্ষিত অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে জাপানি কোম্পানিগুলো অগ্রাধিকার পাবে।
সূত্র : জাপান টাইমস
সময়ের আলো/কেএইচও