নেতানিয়াহুর সঙ্গে বৈঠক, বিরোধী জোটে ভাঙনের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের আলোচনা ৬ ডিসেম্বরের প্রথম সময়সীমার দিকে এগোচ্ছে। এর মধ্যেই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ক্ষমতা থেকে

2026-11-21T16:55:25+00:00
2026-11-21T16:55:25+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহুর সঙ্গে বৈঠক, বিরোধী জোটে ভাঙনের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের আলোচনা ৬ ডিসেম্বরের প্রথম সময়সীমার দিকে এগোচ্ছে। এর মধ্যেই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ক্ষমতা থেকে সরাতে গড়ে ওঠা বিরোধী ‘পরিবর্তনপন্থি’ জোটের অভ্যন্তরীণ বিভক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে। 

বুধবার জোটের অন্যতম নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে অঘোষিত বৈঠক করেন নেতানিয়াহু। এ বৈঠককে কেন্দ্র করে অভিযোগ উঠেছে, বিরোধী জোটের ভেতর থেকেই সেটি ভাঙার চেষ্টা করছেন তিনি।

আড়াই ঘণ্টার ওই বৈঠককে নেতানিয়াহুর কার্যালয় ‘নিরাপত্তাবিষয়ক ব্রিফিং’ বলে বর্ণনা করেছে। তবে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের সূত্রগুলো বৈঠকটিকে ‘কৌশলগত বিপর্যয়’ হিসেবে দেখছে।

সংবাদমাধ্যম ওয়াইনেটকে সূত্রগুলো জানায়, বৈঠকের আগে আইজেনকটকে এ বিষয়ে কিছু জানাননি বেনেট। পরে বিরোধী নেতাদের এক বৈঠকে বেনেট নেতানিয়াহুকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা বিবেচনার পক্ষে মত দেন বলে জানিয়েছে চ্যানেল টুয়েলভ। 

ডানপন্থি নেতা বেনেট ছাড়াও বিরোধী জোটের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা অতীতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর গঠিত নেতানিয়াহুর জরুরি ঐক্যের সরকারে যোগ দিয়েছিলেন আইজেনকটও। তিনি মন্ত্রীর দায়িত্বের পাশাপাশি যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ছিলেন।

বিরোধী জোটের আরেক ডানপন্থি নেতা আভিগদর লিবারম্যান নেতানিয়াহু সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

আইজেনকটের নেতৃত্বাধীন জোটের এক জ্যেষ্ঠ নেতা ওয়াইনেটকে বলেন, ‘পরিবর্তনের জন্য গঠিত বিরোধী জোটকে ভাঙতে বেনেটকে ব্যবহার করার চেষ্টা করছেন নেতানিয়াহু।’ নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটে আর অংশ না নেওয়ার বিষয়ে বেনেটসহ বিরোধী নেতাদের দেওয়া একাধিক অঙ্গীকারের প্রসঙ্গেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে জোটের নেতাদের রাজনৈতিক আদর্শে বড় ধরনের পার্থক্য রয়েছে। লিবারম্যানের কট্টর ডানপন্থি অবস্থান থেকে শুরু করে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানের তুলনামূলক বামঘেঁষা রাজনীতি—সব মিলিয়ে জোটের ঐক্য কত দিন টিকবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর বাইরে জোটের কয়েকজন নেতা অতীতে নেতানিয়াহুর সঙ্গে একাধিক সরকারে কাজ করেছেন।

একসময় নেতানিয়াহুর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ছিলেন বেনেট। তার নেতৃত্বাধীন কয়েকটি সরকারে দায়িত্ব পালনের পর ২০২১ সালে নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। ওই সময় মধ্যপন্থি ইয়ার লাপিদের সঙ্গে বিকল্প সরকার গঠনের সুযোগ তৈরি হয়। বেনেট ও লাপিদ বিভিন্ন দলের নেতাদের নিয়ে জোট সরকার গঠন করেন। এর মধ্য দিয়ে টানা ১২ বছরের নেতানিয়াহু শাসনের অবসান ঘটে। ওই সরকারের প্রথমার্ধে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বেনেট। তবে নীতিগত অনেক বিষয়ে এখনো নেতানিয়াহুর সঙ্গে তাঁর মিল রয়েছে।

আদর্শিকভাবে কতটা ঐক্যবদ্ধ বিরোধী জোট?

গাজায় ইসরায়েলের যুদ্ধের শুরুতে জোটের সব সদস্যই তাতে সমর্থন জানিয়েছিলেন। একইভাবে ইরান ও লেবাননসহ অঞ্চলের কয়েকটি দেশে ইসরায়েলের হামলার পক্ষেও ছিলেন তারা।

তবে অভ্যন্তরীণ নীতির প্রশ্নে জোটের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়েছে।

জোটের নেতা ও ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট এবং বেনেটের নির্বাচনি অংশীদার ইয়ার লাপিদকে তুলনামূলক মধ্যপন্থি হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে বেনেট ও লিবারম্যান স্পষ্টতই ডানপন্থি। তবে ধর্মীয় অবস্থানের প্রশ্নে তাদের মধ্যে পার্থক্য রয়েছে। বেনেট ধর্মীয় জাতীয়তাবাদী। আর লিবারম্যান কঠোর ধর্মনিরপেক্ষ রাজনীতিক। ইসরায়েলের রুশভাষী জনগোষ্ঠীর মধ্যে তার রাজনৈতিক ভিত্তি রয়েছে। দেশটির প্রভাবশালী ধর্মীয় রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে তার বিরোধও ক্রমেই বাড়ছে।

জোটের অন্য সদস্যদের থেকে আলাদা অবস্থানে রয়েছেন বামপন্থি নেতা ইয়ার গোলান। ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে তিনি। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতারও কড়া সমালোচক গোলান। তার অভিযোগ, ইসরায়েল সরকার এসব সহিংসতাকে উৎসাহিত করছে অথবা প্রশ্রয় দিচ্ছে।

চাপে রয়েছে জোট 

নেতানিয়াহুর বিরোধী জোটকে দুর্বল করার প্রচেষ্টার পাশাপাশি আইজেনকটের সামনে রয়েছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংগ্রহের কঠিন চ্যালেঞ্জ।

২৭ অক্টোবরের নির্বাচনের পর ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে আইজেনকটের জোটের আসনসংখ্যা মাত্র ৪৮। সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ১৩টি আসন প্রয়োজন। ফলে সরকার গঠন করতে হলে জোটের শরিকদের মধ্যে গভীর রাজনৈতিক মতপার্থক্য দূর করতে হবে।

গোলান ইতোমধ্যে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের সমর্থন নিয়ে সরকার গঠনের বিষয়েও ইতিবাচক কথা বলেছেন তিনি। তবে জোটের অন্য নেতারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিষয়টি নিয়ে তীব্র বিরোধিতাও তৈরি হয়েছে। এমনকি ডানপন্থি বিক্ষোভকারীরা ফিলিস্তিনি দলগুলোর সমর্থনে সরকার গঠনের সম্ভাবনা সামনে আসায় গৃহযুদ্ধের হুমকিও দিয়েছেন।

লিবারম্যানের দল ইসরায়েল বেইতেনুর পার্লামেন্টে সাতটি আসন রয়েছে। ফিলিস্তিনি দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল কোনো সরকার গঠনের বিরোধিতায় তিনি বিশেষভাবে সোচ্চার।

তবে অতি-ধর্মীয় ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে কার্যত অব্যাহতি দেওয়ার দীর্ঘদিনের বিরোধিতায় কিছুটা নমনীয় হচ্ছেন লিবারম্যান। এর পেছনে রয়েছে বিকল্প একটি সম্ভাবনা। অতি-ধর্মীয় দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের হাতে রয়েছে ১৩টি আসন।

সামরিক নিয়োগের প্রশ্নে লিবারম্যানের আপসের মনোভাব তার অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। একইভাবে বিরোধী জোটের অন্য নেতাদের প্রতিশ্রুতিও প্রশ্নের মুখে পড়তে পারে। এতে তাঁদের সমর্থকদের একাংশের বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে।

জোটের মতপার্থক্য কি প্রকাশ্যে এসেছে?

গত আগস্টে অতি-ধর্মীয় ইহুদি পুরুষদের সামরিক সেবা থেকে সীমিত পরিসরে অব্যাহতি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন আইজেনকট। তবে বেনেট ওই প্রস্তাবকে ‘পাগলামিপূর্ণ ভুল’ বলে আখ্যা দেন। তার সতর্কবার্তা ছিল, অতি-ধর্মীয় রাজনীতিক আরিয়েহ দেরি ও মোশে গাফনি আইজেনকটকে ‘নাকানি-চুবানি খাওয়াবেন’।

এর জবাবে আইজেনকট বেনেট ও লিবারম্যানের বিরুদ্ধে ‘পুরোনো রাজনীতি’ চর্চার অভিযোগ তোলেন। জোটের সবচেয়ে বড় দলই পরবর্তী সরকারের নেতৃত্ব দেবে—এ বিষয়ে একমত হতে না পারায় তারা বিরোধীদের নির্বাচনী সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করছেন বলেও অভিযোগ করেন তিনি।


নির্বাচনের কয়েক সপ্তাহ আগে লিবারম্যান আইজেনকটকে ‘গান্টজ ২.০’ বলে আখ্যা দেন। সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজের সঙ্গে তুলনা করে তিনি এ মন্তব্য করেন। ২০২০ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনী প্রচার চালানোর পরও তাঁর সরকারে যোগ দিয়েছিলেন গান্টজ।

লিবারম্যানের অভিযোগ, আইজেনকট গোপনে নেতানিয়াহুর সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন এবং ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে কাজ করছেন। নির্বাচনের কয়েক দিন পর গোলান লিবারম্যানকে বলেন, অতি-ধর্মীয় ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে নিয়োগ না দিয়ে সরকার গঠনের অবস্থানে অটল থাকলে তিনি ‘নেতানিয়াহুর সঙ্গে গিয়েই সরকার গঠন করতে পারেন’।

বিরোধী হওয়ার আগে নেতানিয়াহু সম্পর্কে কী বলেছিলেন নেতারা?

নেতানিয়াহু সম্পর্কে বিরোধী জোটের নেতাদের আগের মূল্যায়ন সব সময় এতটা কঠোর ছিল না।

২০২০ সালে সাংবাদিকদের বেনেট বলেছিলেন, ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও নেতানিয়াহুকে তিনি ‘অনেক বেশি সম্মান’ করেন। দীর্ঘ সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় ইসরায়েল ‘বিজয়ী হয়েছে’ বলেও মন্তব্য করেছিলেন তিনি। বেনেটের ভাষায়, দেশের জন্য ‘অনেক বড় কাজ’ করেছেন নেতানিয়াহু।

অন্যদিকে ২০১৯ সালে জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লিবারম্যান বলেছিলেন, নেতানিয়াহুর জন্য তার শুভকামনা রয়েছে এবং দুর্নীতির অভিযোগ থেকে তিনি খালাস পাবেন বলে আশা করেন। পরবর্তী সময়ে অবশ্য নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকেই বহুবার তার প্রধানমন্ত্রীর পদে থাকার অযোগ্যতার প্রমাণ হিসেবে তুলে ধরেছেন লিবারম্যান। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নেতানিয়াহু  বৈঠক  বিরোধী জোট  ভাঙনের শঙ্কা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: