অ্যানাটমির জন্য দুই বন্ধুর ১৬ খুনের ভয়ংকর ইতিহাস

মাহফিক মাহিয়ান নাজাত

আন্তর্জাতিক

উনিশ শতকের শুরুর দিকে স্কটল্যান্ডের এডিনবরায় চিকিৎসাশিক্ষার জন্য হঠাৎ করেই বেড়ে যায় মরদেহের চাহিদা। মানবদেহ ব্যবচ্ছেদ করে চিকিৎসা শেখার প্রয়োজন

2026-11-21T04:47:10+00:00
2026-11-21T04:47:10+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অ্যানাটমির জন্য দুই বন্ধুর ১৬ খুনের ভয়ংকর ইতিহাস
মাহফিক মাহিয়ান নাজাত
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ এএম 
উইলিয়াম বার্কের মৃত্যুর মুখোশ সংরক্ষিত রয়েছে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি জাদুঘরে। ছবি : ডেভিড চেসকিন
উনিশ শতকের শুরুর দিকে স্কটল্যান্ডের এডিনবরায় চিকিৎসাশিক্ষার জন্য হঠাৎ করেই বেড়ে যায় মরদেহের চাহিদা। মানবদেহ ব্যবচ্ছেদ করে চিকিৎসা শেখার প্রয়োজন থাকলেও বৈধভাবে মরদেহ সংগ্রহের সুযোগ ছিল খুবই সীমিত। আর এই সংকটকেই অর্থ উপার্জনের সুযোগ হিসেবে দেখেছিলেন উইলিয়াম বার্ক ও উইলিয়াম হেয়ার। প্রথমে নিজেদের বাড়ির এক মৃত ভাড়াটের দেহ চিকিৎসকের কাছে বিক্রি করে ভালো অঙ্কের টাকা পান তারা। 

কিন্তু সেই লোভ একসময় তাদের নিয়ে যায় ভয়াবহ অপরাধের পথে। মরদেহের চাহিদা মেটাতে এরপর আর স্বাভাবিক মৃত্যুর অপেক্ষা করেননি, বরং মানুষ হত্যা করে তাদের দেহ বিক্রি করতে শুরু করেন। প্রায় ১০ মাসে অন্তত ১৬ জনকে হত্যার এই ঘটনা পরে ইতিহাসে কুখ্যাত হয়ে ওঠে ‘বার্ক অ্যান্ড হেয়ার মার্ডার্স’ নামে। তথ্যসূত্র : ন্যাশনাল লাইব্রেরি অব স্কটল্যান্ড, ইউনিভার্সিটি অব এডিনবরা ও যুক্তরাজ্যের পার্লামেন্ট।

চিকিৎসাশিক্ষার জন্য হাহাকার : তখন ইউরোপে অস্ত্রোপচার ও শারীরবিদ্যার চর্চা দ্রুত এগোচ্ছিল। চিকিৎসকদের কাছে মানবদেহের ভেতরের গঠন সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। শুধু বই পড়ে বা চিত্র দেখে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের অবস্থান, গঠন ও পারস্পরিক সম্পর্ক বোঝা সম্ভব ছিল না। এ জন্য প্রয়োজন ছিল মরদেহ ব্যবচ্ছেদ করে হাতে-কলমে শেখার।

কবর থেকে মরদেহ তুলে বিক্রি : সেই সময় মরদেহ চুরি করে চিকিৎসকদের কাছে বিক্রি করত একদল মানুষ। তাদের বলা হতো ‘রেজারেকশনিস্ট’। রাতের অন্ধকারে কবরস্থান থেকে সদ্য দাফন করা দেহ তুলে এনে বিভিন্ন অ্যানাটমি স্কুলে সরবরাহ করত তারা। চিকিৎসকদের কাছে এসব দেহের চাহিদা 
থাকায় কাজটি লাভজনক হয়ে উঠেছিল। অনেক ক্ষেত্রে মরদেহের উৎস নিয়ে খুব বেশি প্রশ্নও করা হতো না।

কিন্তু স্বজনদের কাছে প্রিয়জনের দেহ এভাবে কবর থেকে তুলে নেওয়ার আশঙ্কা ছিল অত্যন্ত আতঙ্কের। এডিনবরায় কবর চুরির ঘটনা এতটাই পরিচিত হয়ে উঠেছিল যে, অনেক পরিবার মরদেহের সুরক্ষায় নিজস্ব ব্যবস্থা গ্রহণ করে। কেউ সদ্য দাফন করা স্বজনের কবরের পাশে দিনের পর দিন পাহারা দিতেন। আবার কোথাও কবরের ওপর বসানো হতো ভারী লোহার কাঠামো। এসব কাঠামো ‘মর্টসেফ’ নামে পরিচিত ছিল। কিছু ক্ষেত্রে লোহার খাঁচা বা বিশেষ নিরাপত্তাব্যবস্থায় কবর ঢেকে রাখা হতো, যাতে চোরেরা সহজে দেহ তুলে নিতে না পারে।

উইলিয়াম বার্ক ও উইলিয়াম হেয়ার— দুজনই ছিলেন আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ডে আসা অভিবাসী। তাদের পরিচয় হয় এডিনবরার ওয়েস্ট পোর্ট এলাকায়। হেয়ারের একটি আবাসিক বাড়ি ছিল, যেখানে ভাড়াটেরা থাকতেন। বার্কও একসময় সেখানে বসবাস শুরু করেন। পরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। বাড়ির দেখাশোনায় হেয়ারের স্ত্রী মার্গারেটও যুক্ত ছিলেন।

১৮২৭ সালের শেষ দিকে তাদের বাড়ির এক বৃদ্ধ ভাড়াটে মারা যান। ইতিহাসে তিনি ‘ওল্ড ডোনাল্ড’ নামে পরিচিত। তার শরীরে পানি জমার রোগ ছিল, যা সে সময় ‘ড্রপসি’ নামে পরিচিত ছিল। মৃত্যুর সময় তার কিছু ভাড়া বকেয়া ছিল। বিষয়টি নিয়ে চিন্তা না করে হেয়ার ও বার্ক বরং মৃত ব্যক্তির দেহ থেকে অর্থ আয়ের সুযোগ খুঁজতে থাকেন।

তারা প্রথমে মৃত ব্যক্তিকে কফিনে রাখেন। পরে কফিন থেকে দেহটি সরিয়ে অন্য উপকরণ দিয়ে সেটি পূর্ণ করে দাফনের ব্যবস্থা করেন। এরপর মরদেহ নিয়ে যান চিকিৎসক রবার্ট নক্সের কাছে। প্রথমে তারা চিকিৎসক আলেকজান্ডার মনরোর কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। পরে তাদের নক্সের কাছে পাঠানো হয়। নক্স দেহটি গ্রহণ করেন এবং বিনিময়ে দেন ৭ পাউন্ড ১০ শিলিং। সে সময়ের হিসাবে এটি ছিল উল্লেখযোগ্য অর্থ।
দেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন না রাখার বিষয়েও সতর্ক ছিলেন তারা। কারণ চিকিৎসাশিক্ষার কাজে ব্যবহারের জন্য সদ্য মৃত ও তুলনামূলক অক্ষত দেহের চাহিদা ছিল বেশি। প্রচলিত বিবরণ অনুযায়ী, শিকারদের বুকের ওপর শরীরের ভার প্রয়োগ করে শ্বাস বন্ধ করে দেওয়া হতো। পরবর্তীতে এ ধরনের শ্বাসরোধের পদ্ধতি ‘বার্কিং’ নামে পরিচিত হয়ে ওঠে।

শেষ শিকার যেভাবে ফাঁস করল অপরাধ : ১৮২৮ সালের ৩১ অক্টোবর রাতে মার্গারেট ডোহার্টিকে হত্যা করা হয়। পরে তার দেহ বাড়ির একটি বিছানার নিচে লুকিয়ে রাখা হয়। কিন্তু বাড়ির অন্য বাসিন্দারা বিষয়টি টের পেয়ে যান। তারা দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিতে বেরিয়ে গেলে বার্ক ও হেয়ার দ্রুত সেটি সরিয়ে ফেলে। পরে মরদেহটি নক্সের ব্যবচ্ছেদকক্ষে পৌঁছে দেওয়া হয়।

১৮২৮ সালের ২৪ ডিসেম্বর বার্কের বিচার শুরু হয়। বড়দিনের সময় হওয়ায় ঘটনাটি আরও আলোচনায় আসে। দীর্ঘ শুনানির পর আদালত তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। ১৮২৯ সালের ২৮ জানুয়ারি এডিনবরার লনমার্কেটে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় তাকে। আদালতের রায় অনুযায়ী, তার দেহ ব্যবচ্ছেদের জন্য চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়। ১৭৫২ সালের আইন অনুসারেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

হেয়ারের পরিণতি অবশ্য নিশ্চিতভাবে জানা যায়নি। মুক্তি পাওয়ার পর সে কোথায় যায়, কীভাবে জীবন কাটায়— তা নিয়ে নানা গল্প প্রচলিত আছে। কিছু বিবরণে বলা হয়, সে আয়ারল্যান্ডে ফিরে গিয়েছিল। আবার তার শেষ জীবন নিয়ে অন্য কিছু কাহিনিও পাওয়া যায়। তবে নির্ভরযোগ্য নথিতে তার পরবর্তী জীবনের স্পষ্ট বিবরণ নেই।

কঙ্কাল হয়ে রইলেন নিজেরই ব্যবসার সাক্ষী : বার্কের মৃত্যুর পর তার দেহ ব্যবচ্ছেদ করা হয়। পরে কঙ্কালটি সংরক্ষণ করা হয় এডিনবরার বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি সংগ্রহে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমিক্যাল মিউজিয়ামে তার কঙ্কাল সংরক্ষিত রয়েছে। যে মরদেহের ব্যবসা করতে গিয়ে সে একের পর এক মানুষ হত্যা করেছিল, মৃত্যুর পর তার নিজের দেহও শেষ পর্যন্ত ব্যবচ্ছেদের উপকরণে পরিণত হয়। ইতিহাসের এই পরিণতি ঘটনাটিকে আরও আলোচিত করে তুলেছে।

অপরাধের পর বদলে যায় আইন : বার্ক ও হেয়ারের হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার পর ব্রিটেনে মরদেহ সংগ্রহের আইন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে এই সংকট তাদের অপরাধের সঙ্গে শুরু হয়নি। দীর্ঘদিন ধরেই চিকিৎসাশিক্ষার জন্য বৈধ মরদেহের সরবরাহ কম ছিল। কবরচুরি, অবৈধ ব্যবসা এবং দরিদ্র পরিবারের অসহায়ত্ব নিয়ে চিকিৎসক, আইনপ্রণেতা ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছিল।

১৮২৮ সালেই ব্রিটিশ পার্লামেন্ট মরদেহ সংগ্রহের সমস্যা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। তবে প্রথম দফায় আইন পরিবর্তনের উদ্যোগ সফল হয়নি। চিকিৎসাশিক্ষার প্রয়োজন মেটানোর পাশাপাশি দরিদ্র মানুষের মরদেহ ব্যবহারের নৈতিকতা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।
 
অবশেষে ১৮৩২ সালের ১ আগস্ট ‘অ্যানাটমি অ্যাক্ট’ পাস হয়। এর মাধ্যমে চিকিৎসাশিক্ষা ও গবেষণার জন্য মরদেহ ব্যবহারের একটি নিয়ন্ত্রিত আইনি ব্যবস্থা তৈরি করা হয়। হাসপাতাল, কারাগার ও দরিদ্রনিবাসে মারা যাওয়া যেসব মানুষের দেহ কেউ দাবি করত না, নির্দিষ্ট শর্ত পূরণসাপেক্ষে সেগুলো ব্যবচ্ছেদের কাজে ব্যবহারের সুযোগ তৈরি হয়। মৃত ব্যক্তির আপত্তি থাকলে তার দেহ ব্যবচ্ছেদ করা যাবে না— এমন বিধানও রাখা হয়েছিল। তবে এরও সমালোচনার জায়গা ছিল।

কারণ আইনি ব্যবস্থার আওতায় দরিদ্র, পরিবারহীন ও দাবিদারহীন মানুষের দেহই বেশি করে চিকিৎসাশিক্ষার কাজে ব্যবহৃত হতে থাকে। সমাজের বিত্তবান মানুষের তুলনায় দরিদ্রদের মরদেহ ব্যবচ্ছেদের টেবিলে যাওয়ার আশঙ্কা ছিল অনেক বেশি। অর্থাৎ অবৈধ ব্যবসা কমলেও মানবদেহের অধিকার ও সম্মতির প্রশ্নটি পুরোপুরি সমাধান হয়নি।

বর্তমানে চিকিৎসাশিক্ষায় মরদেহ ব্যবহারের ক্ষেত্রে স্বেচ্ছায় দেহদানের ব্যবস্থা রয়েছে। ব্যক্তির সম্মতি, আইনি অনুমোদন ও নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করেই এসব দেহ শিক্ষার্থীদের পাঠদান ও গবেষণার কাজে ব্যবহার করা হয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   অ্যানাটমি  দুই বন্ধু  ১৬ খুন  ভয়ংকর ইতিহাস 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: