বিশ্ব রাজনীতিতে ভারত এখন ‘সাইড প্লেয়ার’ : রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাব কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার দাবি, একসময় আন্তর্জাতিক

2026-11-20T23:11:45+00:00
2026-11-20T23:11:45+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিশ্ব রাজনীতিতে ভারত এখন ‘সাইড প্লেয়ার’ : রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:১১ পিএম 
কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত
বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাব কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার দাবি, একসময় আন্তর্জাতিক রাজনীতিতে স্বাধীনভাবে নিজেদের অবস্থান তুলে ধরত ভারত। কিন্তু এখন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক আলোচনায় দেশটি ক্রমেই পিছিয়ে পড়ছে। অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মতো প্রভাবশালী দেশের সঙ্গে দরকষাকষি করছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন রাহুল গান্ধী। 

রাহুল বলেন, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ভারতের বরাবরই গভীর ও পরিপক্ব ধারণা ছিল। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও অংশীদারিত্ব থাকলেও নিজেদের স্বাধীন চিন্তাভাবনা ও অবস্থান বজায় রাখত নয়াদিল্লি।

তিনি বলেন, ‘ভারতের আয়তন ও গুরুত্ব বিবেচনায় বিশ্ব রাজনীতিতে দেশটির স্বাভাবিকভাবেই একটি শক্তিশালী কণ্ঠস্বর থাকার কথা। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আলোচনায় ভারতের সক্রিয় অংশগ্রহণ করা উচিত। কিন্তু বাস্তবতা হলো, ভারত এখন বিশ্ব রাজনীতিতে পার্শ্বচরিত্রে পরিণত হয়েছে। অন্যদিকে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষি করছে।’

ভারতের পররাষ্ট্রনীতিতে ব্যক্তিগত বন্ধুত্বের প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন সময়ের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি বারবার বলেন, তিনি অমুক নেতার বন্ধু। কিন্তু বন্ধুত্বই আসল বিষয় নয়। এভাবে ভূরাজনীতি চলে না। কেউ কারও বন্ধু হলেই কি আন্তর্জাতিক রাজনীতি পরিচালিত হবে?’

রাহুলকে পাকিস্তানের সমর্থক বলল বিজেপি
 
রাহুল গান্ধীর বক্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের আন্তর্জাতিক অবস্থানকে খাটো করার অভিযোগ তুলেছে দলটি।

বিজেপির মুখপাত্র সিআর কেশবন রাহুলের মন্তব্যকে ‘নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য’ বলে অভিহিত করেন। তার অভিযোগ, ভারতকে বিশ্ব রাজনীতির পার্শ্বচরিত্র হিসেবে তুলে ধরে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন কংগ্রেস নেতা। কেশবন বলেন, ‘বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বক্তব্য শুনে মনে হচ্ছে, তিনি পাকিস্তানের একজন উৎসাহী সমর্থক ও প্রচারক। তার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রমাণ করে, বিশ্ব ভূরাজনীতি সম্পর্কে তার কোনো স্পষ্ট ধারণা নেই।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এখন বিশ্বে ঐকমত্য তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও দাবি করেন বিজেপির এই মুখপাত্র। তার অভিযোগ, কংগ্রেস নেতৃত্ব ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাব মেনে নিতে পারছে না। বিজেপির আরেক মুখপাত্র প্রদীপ ভান্ডারিও রাহুলকে আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, পাকিস্তান নিয়ে রাহুলের এত আগ্রহ কেন?


ভান্ডারি বলেন, ‘রাহুল গান্ধী পাকিস্তান নিয়ে এতটা আচ্ছন্ন কেন? আন্তর্জাতিক প্রতিটি মঞ্চেই তাকে পাকিস্তানের সমর্থকের মতো আচরণ করতে দেখা যায়।’ তিনি দাবি করেন, পাকিস্তানের পরিবর্তে ভারতই রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে কূটনৈতিক ভূমিকার জন্য প্রশংসিত হয়েছে। ইরানের সঙ্গেও ভারতের সম্পর্ক রয়েছে।

এ সময় ২০০৮ সালের মুম্বাই হামলার পর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের ভূমিকা এবং শারম আল-শেখ যৌথ বিবৃতির প্রসঙ্গ টেনে রাহুলের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   বিশ্ব রাজনীতি  ভারত  সাইড প্লেয়ার  রাহুল গান্ধী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: