ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংগৃহীত ছবি জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ-৬’-এর মুক্তিকে কেন্দ্র করে গত ১৩ বছরে ভারতের উন্নয়নের চিত্র তুলে ধরেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের সমালোচনাও করেছেন তিনি।
‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’— সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এমন মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’ বা জিটিএ-৬-এর মুক্তির বিষয়টিকে কাজে লাগিয়ে গত ১৩ বছরে ভারতের অর্থনীতি ও বিভিন্ন খাতের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোদির সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টে ২০১৩ সালে জিটিএ-৫ মুক্তির সময় থেকে ২০২৬ সালে জিটিএ-৬ আসা পর্যন্ত ভারতের পরিবর্তন ও উন্নয়নের তুলনামূলক চিত্র দেখানো হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’
পোস্টের সঙ্গে প্রকাশিত একাধিক ছবিতে গত এক দশকে ভারতের দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তি ও অবকাঠামো খাতের উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের সময়কার পরিস্থিতি নিয়েও পরোক্ষ সমালোচনা করা হয়েছে।
পোস্টের ছবিগুলোতে জিটিএ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় ব্যবহৃত বিশেষ ধরনের মোটা ও নজরকাড়া ‘প্রাইসডাউন’ ফন্ট ব্যবহার করা হয়েছে।
‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতি
মোদির পোস্টে ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একসময় ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে পরিচিত ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে।
২০১৩ সালের আগস্টে মার্কিন বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দটি ব্যবহার করেন। বিদেশি বিনিয়োগের ওপর অতিরিক্ত নির্ভরশীল এবং বৈশ্বিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকিতে থাকা পাঁচটি উদীয়মান অর্থনীতিকে বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়েছিল। দেশগুলো হলো ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। বর্তমানে ভারত আর ওই তালিকায় নেই।
পরিচ্ছন্নতা থেকে মহাকাশ প্রযুক্তিতে অগ্রগতির দাবি
ভারতের বিভিন্ন খাতের অর্জনও তুলে ধরা হয়েছে মোদির পোস্টে। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা অভিযান, সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, বিদ্যুতায়নে অগ্রগতি এবং মহাকাশ প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ।
পোস্টে উল্লেখ করা হয়েছে, ভারতে মহাকাশ প্রযুক্তি খাতে নিবন্ধিত স্টার্টআপের সংখ্যা ৪৪০টিতে পৌঁছেছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়টিও তুলে ধরা হয়েছে।
তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরিতে জনপ্রিয় গেমের প্রসঙ্গ ব্যবহার করে ইন্টারনেটের দাম কমার বিষয়টিও সামনে এনেছেন মোদি। পোস্টের তথ্য অনুযায়ী, ভারতে প্রতি গিগাবাইট উচ্চগতির ইন্টারনেটের দাম ২০১৩ সালের ৩০৮ রুপি থেকে কমে বর্তমানে ৭ দশমিক ৫১ রুপিতে দাঁড়িয়েছে।
এ ছাড়া মাওবাদী তৎপরতা থেকে মুক্তির দাবি এবং প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বৃদ্ধিকেও সরকারের অর্জন হিসেবে তুলে ধরা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া
জনপ্রিয় সংস্কৃতি ও প্রযুক্তির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করে তরুণদের সঙ্গে যোগাযোগ তৈরির কৌশল আগে থেকেই অনুসরণ করে আসছেন মোদি। এবার জিটিএ-৬-এর মুক্তিকে কেন্দ্র করে করা পোস্টটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পোস্ট প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে এতে প্রায় ৬০ হাজার লাইক এবং দুই হাজারের কাছাকাছি মন্তব্য জমা পড়ে। অধিকাংশ মন্তব্যে ব্যবহারকারীরা পোস্টটির প্রশংসা করেছেন।
১৩ বছর পর মুক্তি পেল জিটিএ-৬
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজের নতুন সংস্করণ জিটিএ-৬। এর আগের মূল সংস্করণ জিটিএ-৫ বাজারে এসেছিল ২০১৩ সালে।
ডিজিটাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, নতুন গেমটি তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির আগেই প্রি-অর্ডার থেকে গেমটির আয় হয়েছে প্রায় ১১০ কোটি ডলার। কোনো ভিডিও গেমের ক্ষেত্রে প্রি-অর্ডার থেকে আয়ের এটিই সর্বোচ্চ রেকর্ড বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ