ভারতের বিমানবাহিনীর বহরে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ছিল। সংগৃহীত ছবি ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আগে ভারতের বিমানবাহিনীর বহরে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ছিল। বর্তমানে সক্রিয় বহরে রয়েছে ৩২টি। এ তথ্য সামনে আসার পর সংঘাতে চারটি রাফাল হারানোর পাকিস্তানি দাবি নতুন করে আলোচনায় এসেছে।
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর ভারতের রাফাল যুদ্ধবিমানের সংখ্যা কমে যাওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। ব্রিটিশ বিমানবিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতের বিমানবাহিনীর সক্রিয় বহরে রয়েছে ৩২টি রাফাল যুদ্ধবিমান। অথচ ২০২৫ সালের মে মাসের সংঘাতের আগে দেশটির বহরে ছিল ৩৬টি।
এই পরিসংখ্যান প্রকাশের পর সংঘাতের সময় ভারতের একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে পাকিস্তানের দাবি আবারও আলোচনায় এসেছে। যদিও চারটি যুদ্ধবিমান হারানোর বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর সক্ষমতা ও যুদ্ধবিমানের বহর নিয়ে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে ফ্লাইট ইন্টারন্যাশনাল। তাদের সর্বশেষ হিসাব অনুযায়ী, ভারতের সক্রিয় রাফালের সংখ্যা ৩২টি।
ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমান বিভিন্ন দেশে সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক ও সিরিয়ায় পরিচালিত অভিযানের পাশাপাশি ভারত-পাকিস্তান সংঘাতেও এ যুদ্ধবিমান ব্যবহার করা হয়।
২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল কেনার চুক্তি করে ভারত। এ চুক্তির মূল্য ছিল প্রায় ৮৮০ কোটি ডলার। এ ছাড়া সম্প্রতি আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
যেভাবে শুরু হয় ভারত-পাকিস্তান সংঘাত
২০২৫ সালের মে মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সামরিক সংঘাত শুরু হয়।
ওই হামলার পেছনে পাকিস্তানের সমর্থন রয়েছে বলে অভিযোগ তোলে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে। ভারতের দেওয়া বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তোলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চার দিনের সংঘাতে দুই দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে। এতে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের বিমানঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়।
শেষ পর্যন্ত ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
ছয়টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
সংঘাতের পর পাকিস্তান দাবি করে, তাদের হামলায় ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এসব বিমানের মধ্যে ফ্রান্সের তৈরি রাফালও ছিল।
অন্যদিকে ভারত সংঘাতে কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও পাকিস্তানের ছয়টি বিমান ভূপাতিত করার দাবি প্রত্যাখ্যান করে।
এ বিষয়ে সে সময় সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা জানান, পাকিস্তানের হামলায় ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আধুনিক প্রযুক্তির এই ফরাসি যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়ার ঘটনা ছিল প্রথম।
ওই কর্মকর্তা আরও জানান, সংঘাতে একটির বেশি রাফাল ধ্বংস হয়েছিল কি না, তা খতিয়ে দেখছিল ফরাসি কর্তৃপক্ষ।
চারটি রাফাল ধ্বংসের দাবি পাকিস্তানের
চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনী দাবি করে, সংঘাতে তাদের হামলায় ভারতের চারটি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এ ছাড়া একটি বহুমুখী চালকবিহীন আকাশযান ধ্বংসের দাবিও করে ইসলামাবাদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তান সংঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছেন।
গত ফেব্রুয়ারিতে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, সংঘাতে মোট ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। এর আগে গত বছরের বিভিন্ন সময়ে তিনি প্রথমে পাঁচটি, পরে সাতটি এবং নভেম্বরে আটটি যুদ্ধবিমান ধ্বংসের কথা উল্লেখ করেছিলেন।
তবে সংঘাতে ঠিক কতটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, সে বিষয়ে ভারত ও পাকিস্তানের বক্তব্যে এখনো পার্থক্য রয়েছে।
ভারতের সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬ থেকে কমে ৩২ হওয়ার তথ্য নতুন করে প্রশ্ন তৈরি করলেও এর কারণ সম্পর্কে ফ্লাইট ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে চারটি যুদ্ধবিমানই পাকিস্তানের হামলায় ধ্বংস হয়েছিল— এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
সময়ের আলো/ইউএমএইচ