ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার

2026-11-20T04:10:28+00:00
2026-11-20T04:10:28+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:১০ এএম 
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন টিউলিপ সিদ্দিক । ছবি : সংগৃহীত
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে করা দুর্নীতির মামলাগুলো ছিল বিদ্বেষপ্রসূত। এসব মামলার পেছনে অধ্যাপক ইউনূসের ভূমিকা ছিল বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সাংবাদিক গুতো হারি ও রাজনীতিক ডেভিড ডেভিসের উপস্থাপনায় ‘পলিটিকস আনলিশড’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে টিউলিপ এ বিষয়ে কথা বলেন।

পডকাস্টে টিউলিপ জানান, একজন খ্যাতিমান আইনজীবীর সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে। ওই আইনজীবী তাকে জানিয়েছেন, অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার মতো ভিত্তি রয়েছে। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে বিভিন্ন বিকল্প আলোচনা করছেন তিনি।

যুক্তরাজ্যের পার্লামেন্টের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এই সংসদ সদস্য বলেন, তিনি মূলত বিদ্বেষমূলক মামলার শিকার হয়েছেন। তার ভাষ্য, মামলাগুলোর প্রকৃত উদ্দেশ্য তাকে লক্ষ্যবস্তু করা। এ নিয়ে তিনি একাধিকবার অভিযোগের বিস্তারিত জানতে চাইলেও বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো জবাব পাননি। তাঁর আইনজীবীদের পাঠানো চিঠিরও উত্তর দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দে খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে তার অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন। একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়। তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ।

এ অভিযোগের জেরে গত বছর যুক্তরাজ্য সরকারের মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করতে হয় তাকে। ২০২৫ সালের গ্রীষ্মে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মামলাটিকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করেছিলেন তিনি। নিজেকে ‘অনাকাঙ্ক্ষিত বলি’ উল্লেখ করে টিউলিপ বলেছিলেন, তার খালা শেখ হাসিনা ও অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পডকাস্টে টিউলিপ আরও জানান, অধ্যাপক ইউনূস যখন লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থান করছিলেন, তখন তাকে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন তিনি। সরাসরি সাক্ষাতেরও একাধিকবার চেষ্টা করেছিলেন। কিন্তু অধ্যাপক ইউনূস তার সঙ্গে দেখা করতে রাজি হননি বলে দাবি করেন টিউলিপ।

নিজের বিরুদ্ধে মামলা ও বিচারপ্রক্রিয়া নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েননি জানিয়ে তিনি বলেন, নিজের নির্দোষিতা নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই। পুরো ঘটনাটি তাকে কষ্ট দেওয়ার চেয়ে বেশি বিস্মিত করেছে।

এদিকে দ্য গার্ডিয়ান জানিয়েছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে এ বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্র: দ্য গার্ডিয়ান

সময়ের আলো/এসকে
  বিষয়:   ড. ইউনূস  বিরুদ্ধে  আইনি পদক্ষেপ  কথা ভাবছেন  টিউলিপ সিদ্দিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: