প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ পিএম
আইনজীবী ফিলিপ স্যান্ডস কেসি। ছবি : সংগৃহীতরোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ঐতিহাসিক অভিহিত করেছেন গাম্বিয়ার আইনজীবী দলের সদস্য ও বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডস। তার মতে, আন্তর্জাতিক ন্যায়বিচারের ইতিহাসে নুরেমবার্গ ও পিনোশে মামলার মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সারিতে স্থান করে নিয়েছে এই রায়।
বিবিসি রেডিও ফোরের ‘ওয়ার্ল্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে স্যান্ডস বলেন, ‘এটি একটি ঐতিহাসিক রায়।’ আন্তর্জাতিক ন্যায়বিচারের ক্ষেত্রে এটি বড় অর্জনগুলোর একটি বলেও মন্তব্য করেন তিনি।
তবে রোহিঙ্গা নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য এই রায় একই সঙ্গে আনন্দ ও বেদনার। স্যান্ডস বলেন, ‘আজ সকালজুড়ে আদালতে দুই-তিন ডজন রোহিঙ্গা বেঁচে যাওয়া মানুষের সঙ্গে ছিলাম। তারা কী ধরনের আবেগের মধ্য দিয়ে গেছেন, তা সহজেই অনুমেয়।’
এর আগে আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের জন্য ‘পুনঃপ্রতিষ্ঠামূলক ব্যবস্থা’ নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্যান্ডসের ব্যাখ্যা অনুযায়ী, এর আওতায় রোহিঙ্গাদের নিজ নিজ বাড়িতে ফিরতে দেওয়ার জন্য মিয়ানমারকে দুই বছর সময় দেওয়া হয়েছে।
তবে এ প্রক্রিয়া কঠিন হতে পারে বলে মনে করেন তিনি। কারণ, রোহিঙ্গাদের অধিকাংশ বাড়িঘরই ধ্বংস হয়ে গেছে। ফলে তাদের আগের আবাসস্থলে ফিরিয়ে দেওয়া সম্ভব না হলে কী পরিমাণ ক্ষতিপূরণ বা প্রতিকার দেওয়া হবে, তা আদালত পূর্ণাঙ্গভাবে মূল্যায়ন করবে বলে জানান স্যান্ডস।
সময়ের আলো/জেডি