‘পুলিশের সামনেই জ্বলছিল রোহিঙ্গাদের পুরো গ্রাম’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত দেন

2026-11-19T19:57:05+00:00
2026-11-19T20:04:55+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিবিসির সাংবাদিকের চোখে নিপীড়নের ভয়াবহতা
‘পুলিশের সামনেই জ্বলছিল রোহিঙ্গাদের পুরো গ্রাম’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৮:০৪ পিএম
পুড়ছে রোহিঙ্গাদের গ্রাম। ছবি : বিবিসি
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত দেন আদালতের বিচারকেরা। অর্থাৎ, ৯ জন বিচারক গণহত্যা সংঘটনের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দেন। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা এবং অপরাধীদের শাস্তি না দেওয়ার দায়েও মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা সামরিক অভিযানের সময় ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জাতিসংঘের তদন্ত অনুযায়ী, এসব সহিংসতার মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। সেই ঘটনার প্রায় নয় বছর পর আইসিজের এই রায়কে রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির গুরুত্বপূর্ণ বিচারিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। তবে এই রায়ের পর তাদের নিরাপদে নিজ দেশে ফেরার পথ কতটা সুগম হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। 

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর অভিযানের সময় ব্যাপক হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা সেনাবাহিনী ও রাখাইন বৌদ্ধদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গ্রাম ধ্বংস এবং নির্যাতনের অভিযোগ করেন। তবে মিয়ানমার সরকার এসব অভিযোগ অস্বীকার করে। সেই সময় সরকারি ব্যবস্থাপনায় রাখাইনের মংডু সফরে গিয়ে নিজের চোখে দেখা ঘটনাগুলো তুলে ধরেছেন বিবিসির সাংবাদিক জোনাথন হেড। 

২০১৭ সালের সেপ্টেম্বরের শুরুর দিকে দুই সপ্তাহে রাখাইন রাজ্য থেকে প্রায় তিন লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে আসেন। তারা মূলত মংডু, বুথিডং ও রাথিডং জেলার বাসিন্দা। এসব এলাকায় তখনো বাস্তুচ্যুত মানুষের শিবিরের বাইরে উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গার বসবাস ছিল।

রাখাইনের এসব এলাকা দুর্গম। সড়ক যোগাযোগ দুর্বল, আর সেখানে যেতে সরকারের অনুমতি প্রয়োজন হয়। সাংবাদিকদের সাধারণত সেই অনুমতি দেওয়া হয় না। এমন পরিস্থিতিতে মিয়ানমার সরকারের আয়োজনে ১৮ জন স্থানীয় ও বিদেশি সাংবাদিকের একটি দলের সঙ্গে মংডু যাওয়ার সুযোগ হয়।

সরকারি ব্যবস্থাপনায় সফর হওয়ায় কোথায় যাওয়া যাবে, কার সঙ্গে কথা বলা যাবে—সবকিছুতেই ছিল বিধিনিষেধ। তারপরও সাংবাদিকদের ধারণা ছিল, এসব সীমাবদ্ধতার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব। একই সঙ্গে রাখাইনে সশস্ত্র বিদ্রোহের মুখে থাকা মিয়ানমার সরকারের বক্তব্যও শোনা প্রয়োজন ছিল। তবে এ সংঘাতের জন্য সরকার নিজেই দায়ী—এমন মতও ছিল অনেকের।

সফরের শুরুতেই বিধিনিষেধ

রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে পৌঁছানোর পর সাংবাদিকদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। দলের বাইরে গিয়ে আলাদাভাবে কাজ করা যাবে না। সন্ধ্যা ৬টার কারফিউ থাকায় অন্ধকারের পর বাইরে ঘোরাফেরাও নিষিদ্ধ ছিল। সাংবাদিকেরা নিজেদের পছন্দের জায়গায় যাওয়ার অনুরোধ করতে পারতেন, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেসব অনুরোধ সাধারণত প্রত্যাখ্যান করা হয়।

এই অঞ্চলে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নদী ও খালের জালের মতো জলপথে চলাচলকারী নৌকা। সিত্তে থেকে বুথিডং যেতে প্রায় ছয় ঘণ্টা লাগে। সেখান থেকে মায়ু পাহাড়ের ওপর দিয়ে প্রায় এক ঘণ্টার দুর্গম সড়ক পেরিয়ে মংডুতে পৌঁছাতে হয়।

শহরে ঢোকার সময় প্রথম যে পোড়া গ্রামটি চোখে পড়ে, তার নাম মিও থু গি। গ্রামের ঘরবাড়ির পাশাপাশি নারকেলগাছও পুড়ে কালো হয়ে গিয়েছিল।

সরকারের উদ্দেশ্য ছিল বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের অভিযোগের বিপরীতে নিজেদের বক্তব্য তুলে ধরা। শরণার্থীরা প্রায় সবাই মিয়ানমার সেনাবাহিনী ও রাখাইন বৌদ্ধদের বিরুদ্ধে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করছিলেন। কিন্তু সফরের শুরুতেই সরকারের সেই প্রচেষ্টা প্রশ্নের মুখে পড়ে।

হিন্দু শরণার্থীদের বক্তব্য ও সাজানো ছবি

মংডুতে সাংবাদিকদের প্রথমে একটি ছোট স্কুলে নেওয়া হয়। সেখানে বাস্তুচ্যুত হিন্দু পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। তাদের অনেকেই দাবি করেন, মুসলমানদের হামলার ভয়ে তারা বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।

তবে বাংলাদেশে পালিয়ে আসা হিন্দুদের বক্তব্য ছিল ভিন্ন। তারা বলেছিলেন, রোহিঙ্গাদের মতো দেখতে হওয়ায় স্থানীয় রাখাইন বৌদ্ধরা তাদের ওপর হামলা চালিয়েছিল।

স্কুলে সশস্ত্র পুলিশ ও সরকারি কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে ছিলেন। ফলে সেখানে আশ্রয় নেওয়া মানুষ কতটা স্বাধীনভাবে কথা বলতে পারছিলেন, তা নিয়ে প্রশ্ন ছিল। এক ব্যক্তি বলতে শুরু করেছিলেন, সেনারা তাদের গ্রামে গুলি চালিয়েছিল। কিন্তু পাশের একজন দ্রুত তাকে থামিয়ে দেন।

সেখানে কমলা রঙের লেসের ব্লাউজ ও ধূসর-বেগুনি লুঙ্গি পরা এক নারী মুসলমানদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে বেশ সরব ছিলেন।

এরপর সাংবাদিকদের একটি বৌদ্ধ মন্দিরে নেওয়া হয়। সেখানে এক বৌদ্ধ ভিক্ষু দাবি করেন, মুসলমানেরা নিজেরাই নিজেদের বাড়িঘরে আগুন দিয়েছেন। প্রমাণ হিসেবে সাংবাদিকদের কিছু ছবিও দেখানো হয়।

ছবিগুলোতে দেখা যায়, সাদা হাজি টুপি পরা কয়েকজন পুরুষ খড়ের ছাউনি দেওয়া বাড়িতে আগুন দিচ্ছেন। কয়েকজন নারী মাথায় কাপড় জড়িয়ে হাতে তলোয়ার ও দা নিয়ে দাঁড়িয়ে আছেন। ছবিগুলো দেখে সন্দেহ তৈরি হয়।

পরে দেখা যায়, ছবিতে থাকা এক নারী সেই স্কুলে দেখা হিন্দু নারীই। ছবির এক পুরুষকেও স্কুলে আশ্রয় নেওয়া হিন্দুদের মধ্যে দেখা গিয়েছিল। অর্থাৎ, মুসলমানদের বাড়িঘরে আগুন দেওয়ার দৃশ্য হিসেবে যেসব ছবি দেখানো হয়েছিল, সেগুলো সাজানো ছিল। ছবিতে থাকা ব্যক্তিরা মুসলমান ছিলেন না।

সেনা কর্মকর্তার দাবি, ‘সব গ্রাম পুড়িয়েছে মুসলমানেরা’

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সীমান্ত নিরাপত্তাবিষয়ক স্থানীয় মন্ত্রী কর্নেল ফোন তিন্ট। তিনি দাবি করেন, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা রোহিঙ্গা গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছিল। তারা প্রতিটি পরিবার থেকে একজন করে পুরুষকে যোদ্ধা হিসেবে দিতে বাধ্য করেছিল। যারা রাজি হয়নি, তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, বিদ্রোহীরা স্থলমাইন পুঁতে রেখেছে এবং তিনটি সেতু ধ্বংস করেছে।

সাংবাদিকেরা জানতে চান, পুড়ে যাওয়া কয়েক ডজন গ্রামের সব কটিই কি বিদ্রোহীরা ধ্বংস করেছে? কর্নেল ফোন তিন্ট নিশ্চিত করেন, সরকারের অবস্থান সেটিই। সেনাবাহিনীর বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ উঠলে তিনি তা উড়িয়ে দেন। অভিযোগের প্রমাণ কোথায়—এমন প্রশ্ন তুলে রোহিঙ্গা নারীদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ওই নারীদের দেখুন, কেউ কি তাদের ধর্ষণ করতে চাইবে?’

মংডুতে যেসব মুসলমানের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তাদের অধিকাংশই ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছিলেন। সরকারি কর্মকর্তাদের নজর এড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নিরাপত্তা বাহিনী তাদের নিজেদের এলাকার বাইরে যেতে দিচ্ছে না। খাদ্যসংকট ও তীব্র আতঙ্কের মধ্যেও দিন কাটাচ্ছেন তারা।

এক তরুণ জানান, তারা বাংলাদেশে পালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তাদের নেতারা কর্তৃপক্ষের সঙ্গে এলাকায় থেকে যাওয়ার বিষয়ে একটি চুক্তি করেছিলেন। একসময় জমজমাট থাকা বাঙালি বাজারে এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়, তিনি কাকে ভয় পান। তার সংক্ষিপ্ত উত্তর ছিল—সরকারকে।

আলেল থান কিয়াওয়ে ধ্বংসের চিহ্ন

মংডুর বাইরে সাংবাদিকদের সফরের অন্যতম গন্তব্য ছিল উপকূলীয় শহর আলেল থান কিয়াও। ২৫ আগস্ট ভোরে আরসা যোদ্ধাদের হামলার শিকার হয়েছিল এলাকাটি।

সেখানে যাওয়ার পথে একের পর এক জনশূন্য গ্রাম চোখে পড়ে। কোথাও পরিত্যক্ত নৌকা, কোথাও ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছাগল ও গরু দেখা যায়। কিন্তু মানুষের দেখা মেলেনি।

আলেল থান কিয়াও শহরটি প্রায় পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। এমনকি আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) পরিচালিত একটি ক্লিনিকও ধ্বংস হয়ে গিয়েছিল। শহরের উত্তরে দূরে ধোঁয়ার চারটি স্তম্ভ দেখা যায়। একই সঙ্গে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের গুলির শব্দও শোনা যাচ্ছিল। সাংবাদিকদের ধারণা হয়েছিল, আশপাশের আরও কয়েকটি গ্রামে আগুন দেওয়া হচ্ছে।

পুলিশের লেফটেন্যান্ট অং কিয়াও মোয়ে জানান, হামলার বিষয়ে তিনি আগেই সতর্কবার্তা পেয়েছিলেন। তিনি অমুসলিম বাসিন্দাদের নিরাপত্তার জন্য ব্যারাকে নিয়ে যান। তার দাবি, হামলাকারীরা বন্দুক, তলোয়ার ও হাতে তৈরি বিস্ফোরক নিয়ে তিন ঘণ্টা ধরে লড়াই করে। একপর্যায়ে তাদের প্রতিহত করা হয়। এতে ১৭ জন বিদ্রোহী ও একজন অভিবাসন কর্মকর্তা নিহত হন। এর কিছুক্ষণ পর মুসলিম বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যান।

তবে হামলার দুই সপ্তাহ পরও শহরের কিছু অংশে আগুন জ্বলতে থাকার ব্যাখ্যা দিতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা। বর্ষাকালেও আগুনের অবশিষ্টাংশ কেন জ্বলছিল, সে প্রশ্নে তিনি অনুমান করেন, কিছু মুসলমান হয়তো পরে এলাকা ছেড়ে যাওয়ার আগে নিজেদের বাড়িতে আগুন দিয়ে গেছেন।

চোখের সামনে গ্রামে আগুন

আলেল থান কিয়াও থেকে ফেরার পথে ঘটে যায় সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ধানখেতের ওপারে গাছপালার ফাঁক দিয়ে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। রাস্তার পাশের একটি গ্রামে তখন আগুন জ্বলছিল।

সাংবাদিকেরা গাড়ি থামাতে পুলিশি পাহারাকে চিৎকার করে অনুরোধ করেন। গাড়ি থামার সঙ্গে সঙ্গে তারা নেমে গ্রামের দিকে ছুটে যান। সরকারি দলের দায়িত্বে থাকা কর্মকর্তাও তাদের সঙ্গে যেতে পারেননি। পুলিশ সদস্যরা সঙ্গে গেলেও গ্রামে ঢোকা নিরাপদ নয় বলে জানান। কিন্তু সাংবাদিকেরা সামনে এগিয়ে যান।

গ্রামের পথে পোড়া কাঠের শব্দের সঙ্গে চারপাশে আগুনের খসখস আওয়াজ শোনা যাচ্ছিল। কাদামাটির পথে মুসলিম নারীদের পোশাক পড়ে ছিল। সেখানে তলোয়ার ও দা হাতে কয়েকজন শক্তসমর্থ তরুণ দাঁড়িয়ে ছিলেন। ১৮ জন সাংবাদিককে একসঙ্গে ছুটে আসতে দেখে তারা হতভম্ব হয়ে যান। ক্যামেরার সামনে আসতে চাননি তারা। দুজন দ্রুত গ্রামের ভেতরে গিয়ে তাদের দলের অন্যদের ডেকে বের করে আনেন।


তারা নিজেদের রাখাইন বৌদ্ধ বলে পরিচয় দেন। সাংবাদিকদের একজনের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে তাদের একজন স্বীকার করেন, তারা পুলিশের সহায়তায় বাড়িঘরে আগুন দিয়েছেন।

গ্রামের ভেতরে ঢুকে দেখা যায়, একটি মাদ্রাসার ছাদে তখনো আগুন জ্বলছে। আরবি হরফে লেখা স্কুলের বইপত্র বাইরে ছুড়ে ফেলা হয়েছে। কাদামাটির পথে পড়ে ছিল পেট্রলের গন্ধযুক্ত একটি খালি প্লাস্টিকের পাত্র।

গ্রামটির নাম গাও দু থার ইয়া। এটি ছিল একটি মুসলিম অধ্যুষিত গ্রাম। সেখানে কোনো বাসিন্দার দেখা মেলেনি। যারা আগুন দিয়েছিল, সেই রাখাইন তরুণেরা পুলিশের সামনেই গ্রাম থেকে বেরিয়ে যায়। তাদের কারও কারও হাতে ছিল লুট করা গৃহস্থালি সামগ্রী।

ঘটনাস্থলটি ছিল কয়েকটি বড় পুলিশ ব্যারাকের কাছেই। অথচ আগুন থামাতে কেউ কোনো পদক্ষেপ নেয়নি।

সাংবাদিকদের চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনা মিয়ানমার সরকারের বক্তব্যের সঙ্গে বড় ধরনের অসংগতি তুলে ধরে। সরকার যেখানে দাবি করছিল, মুসলমানেরাই নিজেদের বাড়িঘরে আগুন দিচ্ছে, সেখানে সাংবাদিকেরা প্রত্যক্ষ করেন—রাখাইন বৌদ্ধরা পুলিশের সহায়তায় একটি মুসলিম গ্রামে আগুন দিয়েছে। 

সূত্র : ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর বিবিসিতে প্রকাশিত জোনাথন হেডের প্রতিবেদন  


সময়ের আলো/জেডি 
  বিষয়:   রোহিঙ্গা  গণহত্যা  মিয়ানমার  আইসিজের রায়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: