মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতা ও প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। ছবি : সংগৃহীতযুক্তরাষ্ট্রের সঙ্গে মিয়ানমারের আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির সামরিক অভ্যুত্থানের নেতা ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। ২০২১ সালের অভ্যুত্থানের পর মিয়ানমারকে এড়িয়ে চললেও দেশটির বিরল মৃত্তিকা সম্পদের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ তৈরি হয়েছে। এর মধ্যেই দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বুধবার পার্লামেন্টে মিন অং হ্লাইং বলেন, ‘আমাদের সঙ্গে যাদের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে, সেই পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন আলোচনা চলছে। কিছু পর্যায়ে যোগাযোগও হয়েছে। তবে বিষয়টি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। দুই দেশের সম্পর্ক ও আলোচনা অব্যাহত রয়েছে।’
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোয়েন্দা ও গবেষণাবিষয়ক সহকারী সচিব মাইকেল ভ্যান্স নেপিডোতে মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেন। ২০২১ সালের অভ্যুত্থানের পর এটিই ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রকাশ্য যোগাযোগ।
ওই আলোচনার মূল বিষয় ছিল মিয়ানমারে আটক এক মার্কিন ব্যবসায়ীর মুক্তির চেষ্টা। সে সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এএফপিকে বলেছিলেন, ‘সমস্যা উপেক্ষা করে সমাধান করা যায় না। বরং সেগুলোর মুখোমুখি হয়েই সমাধান করতে হয়।’
গত আগস্টে প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি নীতিগত নথিতে মিয়ানমারে বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। এতে দেশটির বিপুল বিরল মৃত্তিকা সম্পদে প্রবেশের সুযোগের বিষয়টিও তুলে ধরা হয়। পাশাপাশি মিয়ানমারভিত্তিক অনলাইন প্রতারণা চক্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে।
মিন অং হ্লাইং বলেন, আরও কয়েকটি দেশ মিয়ানমারের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ও রাষ্ট্রদূত পর্যায়ের যোগাযোগ প্রতিষ্ঠায় উদ্যোগ নিচ্ছে। তবে তিনি দেশগুলোর নাম উল্লেখ করেননি।
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণার এক দিন আগে তার এই বক্তব্য এল। মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে কি না, তা নিয়ে বৃহস্পতিবার রায় দেওয়ার কথা আদালতের। মিয়ানমার কর্তৃপক্ষ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
২০২২ সালে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সহিংসতাকে গণহত্যা হিসেবে ঘোষণা করেছিল। সে সময় ওয়াশিংটন বলেছিল, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘ধ্বংস’ করার চেষ্টার স্পষ্ট প্রমাণ রয়েছে।
অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অঙ্গনে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়া মিয়ানমারকে আবার কূটনৈতিক পরিসরে ফিরিয়ে আনতে গত কয়েক মাসে এশিয়ার বিভিন্ন দেশ সফর করেছেন মিন অং হ্লাইং। অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশটির ওপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়। নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি এখনো আটক রয়েছেন।
২০১৬ ও ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন মিন অং হ্লাইং। বর্তমানে তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।
মিয়ানমারের দাবি, রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান ছিল বিদ্রোহীদের সামরিক তৎপরতা দমনের অংশ। দেশটির ভাষ্য, একাধিক হামলায় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হওয়ার পর ওই অভিযান চালানো হয়।
সময়ের আলো/জেডি