প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম
উত্তর রাখাইনে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে লক্ষ্যবস্তু করেছিল মিয়ানমার। ছবি : সংগৃহীত২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরুর আগে উত্তর রাখাইনে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে লক্ষ্যবস্তু করেছিল মিয়ানমার। গণহত্যা সনদের বিবেচনায় এই জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, লক্ষ্যবস্তু করা রোহিঙ্গাদের এই সংখ্যা স্পষ্টতই উল্লেখযোগ্য। জনগোষ্ঠীর আকার বিবেচনায় গণহত্যা সনদের আওতায় তাদের একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী হিসেবে গণ্য করা হয়।
মিয়ানমারের সেনাবাহিনী ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ঘৃণামূলক প্রচার চালিয়েছিল। ওই প্রচারে রোহিঙ্গাদের ‘মানুষের চেয়ে নিকৃষ্ট’ এবং ‘সহিংস হুমকি’ হিসেবে তুলে ধরা হয়েছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় বিচারক ইউজি ইওয়াসাওয়া এসব পর্যবেক্ষণ তুলে ধরেন।
বিচারক বলেন, ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের সময় মিয়ানমারের সেনাবাহিনী পরিকল্পিত ও সমন্বিতভাবে রোহিঙ্গাবিরোধী ঘৃণামূলক বক্তব্য ছড়িয়েছে। আদালত মনে করে, রোহিঙ্গাদের বিরুদ্ধে এই প্রচার এবং সামরিক অভিযান একই সময়ে চলেছে।
আইসিজের পর্যবেক্ষণে বলা হয়, রোহিঙ্গাদের মানুষ হিসেবে হেয় করা এবং তাদের সহিংস হুমকি হিসেবে তুলে ধরার মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা হয়েছিল, যা একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার লক্ষ্যে হামলার পথ তৈরি করে।
সূত্র : বিবিসি
সময়ের আলো/ইউএমএইচ